ঋণের জালে বন্দি চীনের অর্থনীতি: সুদের বোঝা মেটাতেই ফুরিয়ে আসছে বাজেট
অনলাইন ডেস্ক:
অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে আসায় নতুন করে অর্থনীতিকে চাঙা করতে চাইছে চীন। কিন্তু অতীতের বিপুল ঋণের সুদ পরিশোধেই সরকারের বাজেটের বড় অংশ ব্যয় হয়ে যাচ্ছে। ফলে অর্থনীতিতে নতুন প্রণোদনা দেওয়া এবং প্রয়োজনীয় খাতে ব্যয় বাড়ানোর সুযোগ ক্রমেই সংকুচিত হচ্ছে।
বিশ্লেষকদের মতে, ঋণনির্ভর প্রবৃদ্ধির যে কৌশল একসময় চীনের অর্থনীতিকে এগিয়ে নিয়েছিল, এখন সেটিই দেশটির জন্য বড় আর্থিক বোঝা হয়ে উঠছে। কারণ সরকারি ব্যয় মেটাতে অতিরিক্ত ঋণ নেওয়ার মূল্য শুধু সুদ পরিশোধের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এর প্রভাব পড়ে সরকারের ভবিষ্যৎ ব্যয় পরিকল্পনা ও অর্থনৈতিক নীতির ওপরও। যুক্তরাষ্ট্র ও ইউরোপের পাশাপাশি চীনও এখন ঋণের এই ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছে।
উইকেন্ড এডিটর জেসন মা এক প্রতিবেদনে বলছেন, চীনের অতীতের ঋণের সুদ পরিশোধের ব্যয় এত দ্রুত বাড়ছে যে তা অর্থনীতিকে নতুন করে চাঙা করার ক্ষেত্রে সরকারের সক্ষমতা সীমিত করছে।
গবেষণা কেন্দ্র দ্য কনফারেন্স বোর্ডের নতুন হিসাব অনুযায়ী, চলতি বছর চীনের কেন্দ্রীয় সরকারের সাধারণ বাজেটের ১৯ দশমিক ২ শতাংশ ব্যয় হবে ঋণের সুদ ও অন্যান্য দায় পরিশোধে। ২০১৪ সালে এ হার ছিল ১২ শতাংশ। অর্থাৎ এক দশকের কিছু বেশি সময়ে ঋণ পরিশোধে বাজেটের বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৮ থেকে ২০২১ সাল পর্যন্ত অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ধারিত লক্ষ্যমাত্রার নিচে নেমে যাওয়ার আশঙ্কা দেখা দিলেই বিভিন্ন খাতে বিপুল অর্থ ঢেলেছে চীন সরকার। রাজনৈতিক নেতৃত্বের পছন্দের শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানকে এগিয়ে নিতে নেওয়া হয়েছে লাখো কোটি ডলারের ঋণ। কিন্তু এসব বিনিয়োগের বড় একটি অংশ প্রত্যাশিত ফল দিতে পারেনি। বরং অর্থের অপচয় ও ভুল খাতে বিনিয়োগের কারণে অর্থনীতির দীর্ঘমেয়াদি সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বর্তমানে চীনের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির গতি কমছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর দেশটির প্রবৃদ্ধি ৪ দশমিক ৫ থেকে ৫ শতাংশের বার্ষিক লক্ষ্যমাত্রার নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
দেশটির রপ্তানিনির্ভর খাতগুলো দ্রুত সম্প্রসারিত হলেও বাণিজ্য অংশীদার দেশগুলো বিভিন্ন বাধা তৈরি করছে। অন্যদিকে চীনের অভ্যন্তরীণ ভোক্তারা ব্যয়ে আগ্রহ দেখাচ্ছেন না। বিনিয়োগেও দুর্বলতা রয়েছে। দীর্ঘমেয়াদি সংকট কাটিয়ে উঠতে পারেনি আবাসন খাতও। দেশটির শেয়ারবাজারেও প্রত্যাশিত গতি দেখা যাচ্ছে না।
এ পরিস্থিতিতে বৈদ্যুতিক গাড়ি, রোবট, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নবায়নযোগ্য জ্বালানির মতো অগ্রাধিকারপ্রাপ্ত শিল্পে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ঋণ সরবরাহ বাড়িয়েছে বেইজিং। কিন্তু সরকারের চাপের মুখে ব্যাংকগুলো অনেক ক্ষেত্রে আর্থিকভাবে দুর্বল ও ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানকে ঋণ দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের পর থেকে চীনের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ঋণের পরিমাণ দ্বিগুণ হয়েছে। অথচ একই সময়ে তাদের আয় বেড়েছে মাত্র ৩০ শতাংশ। লোকসানে থাকা প্রতিষ্ঠানগুলোর প্রায় এক-তৃতীয়াংশের পরিস্থিতি এমন হলেও ঋণদাতারা নতুন করে ঋণের মেয়াদ বাড়িয়ে তাদের টিকিয়ে রাখছেন।
বিশ্লেষকদের আশঙ্কা, এভাবে দুর্বল প্রতিষ্ঠানগুলোকে ঋণের মাধ্যমে টিকিয়ে রাখার প্রবণতা অর্থনীতির ঝুঁকি আরও বাড়াচ্ছে। স্থানীয় সরকারগুলোও রাজনৈতিক নেতৃত্বের পছন্দের শিল্প খাতকে কম সুদে ঋণ দিয়ে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। এতে ঋণের পাহাড় আরও বড় হচ্ছে।
প্রতিবেদনে চীনের এই প্রবৃদ্ধির কৌশলকে জুয়ায় লোকসান পুষিয়ে নিতে প্রতিবার আগের চেয়ে বেশি অর্থ বাজি ধরার সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ আগের বিনিয়োগ থেকে প্রত্যাশিত ফল না পেলেও সেই ক্ষতি কাটিয়ে উঠতে আরও বেশি ঋণ নিয়ে নতুন বিনিয়োগ করা হচ্ছে। কিন্তু ঝুঁকিপূর্ণ খাতে এভাবে ধারাবাহিকভাবে অর্থ ঢালতে থাকলে দেশটির আর্থিক সংকট আরও গভীর হতে পারে। অতীতের ঋণনির্ভর প্রবৃদ্ধির মূল্য এখন চীনকে দিতে হচ্ছে, আর সেই দায় দেশটির ভবিষ্যৎ অর্থনৈতিক নীতির ওপরও চাপ তৈরি করছে।
