ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী

প্রকাশিত: 21 November 2026, 11:00 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, তা বর্তমানে আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে গোপালগঞ্জে দলটির চালানো তাণ্ডবের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে কি না, সরকার সেটিও খতিয়ে দেখছে বলে তিনি জানিয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান-২০১৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, গোপালগঞ্জে তাণ্ডব চালিয়ে আওয়ামী লীগ হয়তো ভেবেছিল বর্তমান সরকার তাদের মতোই গুলি চালিয়ে পরিস্থিতি মোকাবিলা করবে। কিন্তু বর্তমান সরকার তাদের সেই পথ অনুসরণ করবে না। বরং আইন অনুযায়ী যথাযথভাবে পরিস্থিতি মোকাবিলা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, গণহত্যা চালিয়ে আওয়ামী লীগ ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে। অথচ এত বড় ঘটনার পরও তাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা দেখা যাচ্ছে না।

অনুষ্ঠানের আগে আইনমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ১৬ বছরে গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে এবং ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলনে অংশ নিতে গিয়ে প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধা গুলিতে প্রাণ হারিয়েছেন। তিনি অভিযোগ করেন, এসব হত্যাকাণ্ডকে ‘ক্রসফায়ার’ হিসেবে চালিয়ে দেওয়া হয়েছিল।

আইনমন্ত্রী অভিযোগ করে বলেন, সাতশ’র বেশি সহযোদ্ধাকে তুলে নিয়ে গুম করা হয়েছিল, যাদের অনেকেই এখনো ফিরে আসেননি। তাদের স্বজনরা এখনো তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজে বসে চোখের পানি ফেলে আল্লাহর কাছে প্রিয়জনদের ফিরে পাওয়ার প্রার্থনা করেন।

তিনি বলেন, গণতন্ত্রের কথা বলতে গিয়ে লাখ লাখ বিরোধীদলীয় নেতাকর্মী পঙ্গুত্ববরণ করেছেন। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের পক্ষে কথা বলায় বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মী রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন। সেই দুঃসময় থেকে দেশ ও জাতিকে বের করে আনতে জেন-জি যে ভূমিকা রেখেছে, তার জন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আইনমন্ত্রী আরও বলেন, জেন-জি নিজেদের ক্ষত, স্বজন হারানোর বেদনা, স্বজনদের আহাজারি ও বন্ধু-সতীর্থদের আর্তচিৎকার ভুলে যায়নি। এই প্রজন্মকে সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ গড়ার সংগ্রাম চালিয়ে যাবেন তারা।

মন্তব্য করুন