ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

১৩ মাস পর ২ লাখ টাকার নিচে নামল সোনার ভরি

প্রকাশিত: 22 November 2026, 1:05 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

দেশের বাজারে সোনার দাম আরেক দফা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এর ফলে প্রায় ১৩ মাস পর সোনার ভরির দাম ২ লাখ টাকার নিচে নামল। সর্বশেষ ২০২৫ সালের অক্টোবরে ২২ ক্যারেট সোনার ভরির দাম ছিল ১ লাখ ৯৪ হাজার টাকা।

শনিবার রাতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম রোববার থেকে কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৬ হাজার ১৮২ টাকা কমে হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।

গত ৬ নভেম্বর থেকে টানা নয় দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে মোট ৩৪ হাজার ৭০০ টাকা কমল। এর আগে গত ২০ নভেম্বর ভরিতে ১০ হাজার ৯৫৪ টাকা কমিয়ে দাম ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। মূলত আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যাওয়ায় দেশেও সোনার দাম কমছে।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি দিতে হবে এবং নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না বদলালে ৯ শতাংশ এবং বিক্রি করলে ১৫ শতাংশ বাদ দিতে হবে।

মন্তব্য করুন