অবশেষে তাজমহল পরিদর্শনের অনুমতি পেলেন পাকিস্তানের জলবায়ুবিষয়কমন্ত্রী
অনলাইন ডেস্ক:
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতের ঐতিহাসিক নগরী আগ্রার বিখ্যাত তাজমহল পরিদর্শনের অনুমতি পেয়েছেন পাকিস্তানের জলবায়ুবিষয়কমন্ত্রী মুসাদ্দিক মালিক। তবে তার দিল্লির ঐতিহাসিক নিজামুদ্দিন দরগায় যাওয়ার আবেদন নাকচ করে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা যায়, ২০২৫ সালে সংঘটিত পেহেলগাম সন্ত্রাসী হামলার জেরে দুই প্রতিবেশীর মধ্যে তৈরি হওয়া তীব্র উত্তেজনার পর এই প্রথম পাকিস্তানের কোনো মন্ত্রী ভারত সফরে এলেন।
দিল্লিতে চলমান সাংহাই কোঅপারেশন অরগানাইজেশনের (এসসিও) প্রথম সভ্যতাবিষয়ক সংলাপ ফোরামে পাকিস্তানি প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে বর্তমানে ভারতে অবস্থান করছেন দেশটির এই মন্ত্রী।
এর আগে সরকারি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশ পেয়েছিল যে, সফরকালে আগ্রার মুঘল স্থাপত্যের নিদর্শন তাজমহল এবং দিল্লির হজরত নিজামুদ্দিন দরগা ঘুরে দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন পাকিস্তানি মন্ত্রী। কিন্তু এসসিও সম্মেলনের নির্ধারিতসূচির বাইরে অন্য কোনো স্থানে যাতায়াতের অনুমতি দেয়নি দিল্লি কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত নিজামুদ্দিন দরগার অনুমতি না মিললেও পাক মন্ত্রীর জন্য তাজমহল সফরের অনুমতি মেলে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী, মুসাদ্দিক মালিকের নেতৃত্বাধীন পুরো পাকিস্তানি প্রতিনিধি দল রাজধানী দিল্লির আরও কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন, যার মধ্যে হুমায়ুনের সমাধি এবং দিল্লি হাট অন্তর্ভুক্ত রয়েছে। তবে নিজামুদ্দিন দরগা পরিদর্শনের প্রস্তাবটি অনুমোদন না করার সুনির্দিষ্ট কারণ হিসেবে নিরাপত্তা সংক্রান্ত ইস্যুটিকে সামনে এনেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
