প্রশান্ত মহাসাগরে ৬.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা নেই
অনলাইন ডেস্ক:
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ভানুয়াতু দ্বীপপুঞ্জ এলাকায় ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, সোমবার গ্রিনিচ মান সময় ২টা ৪০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬১৪ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।
যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, এখন পর্যন্ত পাওয়া সব তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই। এ ঘটনায় সাধারণ মানুষের কোনো সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই।
ভানুয়াতু দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র, যা প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ের (রিং অব ফায়ার) অংশ। পৃথিবীর সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর একটি এটি।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে অনেক গভীরে হওয়ায় সমুদ্রতলের বড় ধরনের স্থানচ্যুতি ঘটেনি। গভীর ভূমিকম্প থেকে সাধারণত সুনামি হয় না — সে কারণেই সতর্কতা কেন্দ্র কোনো সুনামি সতর্কতা জারি করেনি।
