ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

‘রিপিট ক্যাডার’ জটিলতায় ২৬ নভেম্বরে হচ্ছে না ৫০তম বিসিএসের ফল

প্রকাশিত: 23 November 2026, 1:26 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

৫০তম বিসিএসের চূড়ান্ত ফল আগামী ২৬ নভেম্বর প্রকাশিত হচ্ছে না। ‘রিপিট ক্যাডার’ জটিলতা এড়াতে ফল প্রকাশ পিছিয়ে দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির রোডম্যাপ অনুযায়ী ২৬ নভেম্বরের মধ্যে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের কথা ছিল। তবে ৪৬তম বিসিএসের চূড়ান্ত গেজেট ও যোগদানের হিসাব না পাওয়া পর্যন্ত ফল প্রকাশ করা হবে না বলে জানা গেছে। এতে ২০০ থেকে ২৫০টি ক্যাডার পদ শূন্য থাকার আশঙ্কা এড়ানো যাবে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, ফল প্রকাশের নতুন কোনো তারিখ এখনো নির্ধারণ হয়নি। এ বিষয়ে কাজ চলছে।

২০২৫ সালের ২৬ নভেম্বর ২ হাজার ১৫০টি পদের জন্য ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আবেদন করেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী। গত ৩০ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়; ১০ ফেব্রুয়ারি ফল প্রকাশিত হয়। লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয় ২৩ জুলাই। এতে ৬ হাজার ১৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। গত ১১ আগস্ট থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়।

‘রিপিট ক্যাডার’ বলতে বোঝায়, আগের কোনো বিসিএসে ক্যাডার পদে যোগ দেওয়া প্রার্থী আবার পরের বিসিএসেও চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া। এতে ওই প্রার্থীর জন্য বরাদ্দ পদটি শূন্য পড়ে থাকে। ৪৬তম বিসিএসের চূড়ান্ত গেজেট ও যোগদানের হিসাব পাওয়া গেলে কারা ইতোমধ্যে ক্যাডারে যোগ দিয়েছেন, তা জানা যাবে — তখন ৫০তম বিসিএসের ফলে ওই পদগুলোতে নতুন প্রার্থীদের সুযোগ দেওয়া সম্ভব হবে।

মন্তব্য করুন