ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

রুশ বিমান দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা অঞ্চলে ঢুকে পড়ায় উত্তেজনা, দ্বীপে জরুরি সতর্কতা

প্রকাশিত: 24 November 2026, 12:04 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

পূর্ব সাগরের ওপর দিয়ে রাশিয়ার সামরিক বিমান দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে ঢুকে পড়ায় মঙ্গলবার সকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দেশটির বিমানবাহিনী যুদ্ধবিমান পাঠিয়েছে, আর পূর্ব উপকূলের উলেউং দ্বীপের বাসিন্দাদের আশ্রয় নেওয়ার জরুরি সতর্কতা দেওয়া হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে রুশ বিমানগুলো দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করে। উলেউং দ্বীপের দিকে এগিয়ে আসার পর অঞ্চলটি ছেড়ে যায় সেগুলো। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানায়, বিমানগুলো অঞ্চলে ঢোকার আগেই তাদের গতিবিধি শনাক্ত করা হয় এবং যুদ্ধবিমান পাঠিয়ে কৌশলগত মহড়া চালানো হয়।

সকাল ৭টা ৫২ মিনিটের দিকে নিরাপত্তা মন্ত্রণালয় উলেউং দ্বীপের বাসিন্দাদের ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র বা ভবনের ভেতরে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয়। তিন মিনিট পর বিমানগুলো বিপদসীমা ছেড়ে গেছে জানিয়ে নির্দেশ তুলে নেওয়া হয়।

জয়েন্ট চিফস অব স্টাফ পরে স্পষ্ট করে জানায়, রুশ বিমানগুলো দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেনি। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের সতর্কবার্তায় আকাশসীমা লঙ্ঘনের কথা বলা হয়েছিল এবং বিমানগুলোকে রুশ বা উত্তর কোরিয়ার বলে সন্দেহ করা হয়েছিল।

জয়েন্ট চিফস অব স্টাফের মুখপাত্র জাং দো-ইয়ং বলেন, আকাশসীমা লঙ্ঘনের আশঙ্কা ছিল বলেই জনগণের নিরাপত্তার জন্য আগাম সতর্কতা দেওয়া হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবারই সিউলে রাশিয়ার সামরিক অ্যাটাশেকে ডেকে কঠোর প্রতিবাদ জানানো হবে।

গত সোমবারও একই ধরনের ঘটনায় রুশ সামরিক বিমান দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে ঢুকে পড়ায় যুদ্ধবিমান পাঠাতে হয়েছিল। মস্কো এই অঞ্চলের স্বীকৃতি দেয় না বলে সাম্প্রতিক মাসগুলোতে রুশ বিমান বেশ কয়েকবার এতে প্রবেশ করেছে, তবে বেসামরিক প্রতিরক্ষা সতর্কতা জারি করা বিরল ঘটনা।

মন্তব্য করুন