ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, সরকারের জবাব: ফিরতে হবে হাতকড়া পরে

প্রকাশিত: 24 November 2026, 12:04 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

বিজয় দিবসে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি থেকে ঢাকায় ফেরার বিমানের ব্যবস্থা করতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন তিনি। আর সরকারের জবাব — ফিরতে হলে হাতকড়া পরে বন্দি হিসেবেই ফিরতে হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে জানান, দুই বছরের বেশি সময় ভারতে নির্বাসনে থাকার পর ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা এবং প্রয়োজনীয় ভ্রমণ কাগজপত্র করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি বিমানে করে হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। দেশ ছাড়ার কয়েক মাস পর তার ভ্রমণ কাগজপত্র বাতিল করা হয়েছিল।

এদিকে মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর একটি রাষ্ট্রীয় অতিথিশালায় ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সব কূটনৈতিক মিশন, জাতিসংঘের সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের এই ব্রিফিংয়ে আমন্ত্রণ জানানো হয়।

ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা বাস্তবতার প্রতিফলন নয়। ফিরতে হলে তাকে হাতকড়া পরে বন্দি হিসেবে ফিরতে হবে। তিনি আরও বলেন, হাসিনা একজন সাজাপ্রাপ্ত অপরাধী, একজন পলাতক সন্ত্রাসী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অগ্নিসন্ত্রাসের কারণে দেশের মানুষ আতঙ্কিত হচ্ছে না, বরং সন্ত্রাসীদের নিয়ে মানুষ কঠোর অবস্থানে রয়েছে। কূটনীতিকদের ব্রিফিংয়ে দেশের মানুষের এই অবস্থানই জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে হাসিনা ভারতে আশ্রয় নেন। দেশে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। গত ১০ দিনে দেশের অন্তত ২৮ জেলায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন