ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেল
অনলাইন ডেস্ক:
নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণে কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাদুঘর মোড়ে এই সংঘর্ষ শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণেরও অভিযোগ উঠেছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে নিবৃত্ত করতে টিয়ার শেল নিক্ষেপ করে। তবে এরপরও থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় এখনো উত্তেজনা রয়েছে।
রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমনের অভিযোগ, রাজপাড়া থানা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের শাহিনুর নামের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে তারা জাদুঘর মোড়ে গেলে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্নার নেতৃত্বে তাদের ওপর হামলা হয়।
লিমনের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্দেশনায় দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে এ হামলা চালানো হয়। একপর্যায়ে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীও সংঘর্ষে যোগ দেন। তারা গুলি ছোড়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে ছাত্রদল নেতা সাফায়েত হোসেন মান্নার তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুমা মুস্তারি জানান, সংঘর্ষের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
