ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

সিলেটের হোটেল থেকে বদির ছেলে ও ভাইসহ আটক ৪

প্রকাশিত: 25 November 2026, 12:08 pm
ফন্ট:

জেলা প্রতিনিধি:

সিলেট নগরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও তার দুই ভাইসহ মোট চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে নগরের জল্লারপাড় এলাকার একটি হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন— সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, তার দুই ভাই আমিনুর রহমান ও আবদুশ শুকুর এবং তাদের সহযোগী টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম এই আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নারী, শিশুসহ ১৬ জন ওই আবাসিক হোটেলে ওঠেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত ১২টার দিকে হোটেলটি চারপাশ থেকে ঘিরে ফেলে সিলেট মহানগর পুলিশ। এরপর হোটেলের বিভিন্ন কক্ষে দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে তল্লাশি অভিযান। সবার পরিচয় নিশ্চিত হওয়ার পর ভোর ৫টার দিকে ওই চারজনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম জানান, হোটেলটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছেন—এমন গোপন খবরের ভিত্তিতে রাত ১২টা থেকে অভিযান শুরু হয়। পরবর্তীতে পরিচয় নিশ্চিত করে চারজনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তরের কাজ চলছে।

মন্তব্য করুন