এক বছরে দেশে নারী ও শিশু নির্যাতন বেড়েছে ৫৪ শতাংশ
নিজস্ব প্রতিবেদক:
দেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে অন্তত ২ হাজার ৬৬৫ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরণের নির্যাতনের শিকার হয়েছেন। ২০২৫ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ১ হাজার ৭ ৩৩। অর্থাৎ এক বছরের ব্যবধানে নির্যাতনের ঘটনা বেড়েছে ৯৩২টি, যা শতাংশের হিসাবে প্রায় ৫৪ শতাংশ।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) দেশের ১৬টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের তথ্য পর্যবেক্ষণ ও বিশ্লেষণের ভিত্তিতে এই প্রতিবেদন প্রস্তুত করেছে। বুধবার সংস্থাটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের প্রথম ১০ মাসে ৭৫৯ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ৪৩৪ জনই (প্রায় ৫৭ শতাংশ) শিশু ও কিশোরী। এই সময়ে ১৫০ জন গণধর্ষণের শিকার হন এবং ধর্ষণের পর হত্যা করা হয় ৩৪ জনকে। অন্যদিকে, ২০২৫ সালের একই সময়ে ধর্ষণের শিকার হয়েছিলেন ৭৪১ জন।
তুলনামূলক পরিসংখ্যানে দেখা যায়, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে যৌন নিপীড়নের ঘটনা ৩৭৪ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৬৮টিতে, যা প্রায় ১০৫ শতাংশ বেশি। যৌন নিপীড়নের শিকার শিশুর সংখ্যা ২১৪ থেকে বেড়ে হয়েছে ৩১২। একই সময়ে পারিবারিক সহিংসতায় নিহতের সংখ্যা ৩২৩ থেকে বেড়ে ৫০২ এবং আহতের সংখ্যা ৮৩ থেকে বেড়ে ৩০৫ জনে পৌঁছেছে। এছাড়া যৌতুকের কারণে হত্যার ঘটনা ২৮ থেকে বেড়ে ৪১ এবং ধর্ষণের পর হত্যার ঘটনা ২৪ থেকে বেড়ে ৩৪টিতে উন্নীত হয়েছে।
এইচআরএসএস মনে করে, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে পুরুষতান্ত্রিক মানসিকতা, সামাজিক বৈষম্য, ক্ষমতার অপব্যবহার, বিচারহীনতার সংস্কৃতি এবং অপর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা। সংস্থাটি অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিতের পাশাপাশি সহিংসতার মূল কারণ দূর করতে কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে।
বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় এইচআরএসএস বেশ কিছু সুনির্দিষ্ট সুপারিশ প্রদান করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—ধর্ষণ, যৌন নিপীড়ন, যৌতুক ও পারিবারিক সহিংসতার ঘটনায় নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দ্রুত বিচার নিশ্চিত করা; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপরিসরে শিশুদের সুরক্ষা জোরদার করা; এবং ভুক্তভোগীদের বিনামূল্যে আইনি সহায়তা, চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা, নিরাপদ আশ্রয় ও পুনর্বাসন নিশ্চিত করা।
