মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডাকার ফোনালাপ ফাঁস, ওসির সাফাই
জেলা প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানের সঙ্গে উপজেলা যুব মহিলা লীগের এক নেত্রীর একটি অডিও ফোনালাপ ফাঁস হয়েছে। ফাঁস হওয়া সেই ফোনালাপে ওই নারী নেত্রীকে বারবার নিজের সরকারি বাংলোয় আসার তাগিদ দিতে শোনা যায় ওসিকে। তবে ঘটনাটি জানাজানি হওয়ার পর ওসির দাবি, ওই আসামিকে কৌশলে আইনের আওতায় আনা এবং সোর্স হিসেবে ব্যবহারের উদ্দেশ্যেই তিনি এমন কথা বলেছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ফোনালাপে যুক্ত ওই নারী হলেন দাগনভূঞা উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজকিরা আক্তার সনি। গত ১০ নভেম্বর একটি মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে তিনি আত্মগোপনে চলে যান। এরপরই ওসি ফয়জুল আজিম তাকে ফোন করে দেখা করার তাগিদ দেন।
ফাঁস হওয়া কথোপকথনে সনি জানান, তিনি মাথাব্যথায় ভুগছেন এবং বর্তমানে কুমিল্লার মিয়াবাজারে অবস্থান করায় তার পক্ষে দাগনভূঞায় আসা সম্ভব নয়। এর জবাবে ওসিকে কাতর স্বরে বলতে শোনা যায়, ‘মাথাব্যথা থেকে যা কিছু আছে, সব চলে যাবে। তুমি আসো। আমার সঙ্গে অল্প একটু কথা বললে, দেখা করলে সব সমস্যা চলে যাবে। আমার কিছু চাওয়া-পাওয়া নেই। শুধু একটু দেখতে চাই। একটা সিএনজি নিয়ে চলে আসো।’
জবাবে সনি নিজের অসুস্থতার কথা তুলে ধরে বলেন, তিনি চৌদ্দগ্রামে আছেন এবং জেলের মেঝেতে শুয়ে অসুস্থ হয়ে পড়েছেন। জেলে ভাত খেতে না পেরে বাড়ি ফিরে ভাত খেয়েছেন। তখন ওসি পুনরায় বলেন, ‘মানুষের একটা আকর্ষণ আছে না। তুমি যেখানেই আছ, বাংলোয় চলে আসো।’
বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান ফোনালাপের বিষয়টি স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, ওই নারী দুর্ধর্ষ প্রকৃতির আসামি। অনেক কষ্টে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু জামিনে বের হয়ে তিনি আবারও পালিয়ে যান। তাই তাকে বুঝিয়ে আবার ফেরত আনার চেষ্টা করা হচ্ছিল।
ওসি আরও যোগ করেন, সনির কাছে তার প্রতিপক্ষ গ্রুপের কিছু গুরুত্বপূর্ণ তথ্য ছিল। তাকে সোর্স হিসেবে ব্যবহার করে আরও কয়েকজনকে গ্রেপ্তারের পরিকল্পনা করছিল পুলিশ। তার দাবি, সনি নিজেই এসে তথ্য দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু গ্রেপ্তার আতঙ্কে আর আসেননি। বর্তমানে তিনি পালিয়ে থেকে পুলিশের কাজে বাধা সৃষ্টি করছেন। অন্যদিকে, ঘটনার বিষয়ে বক্তব্য জানতে তাজকিরা আক্তার সনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
