ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

শীতের সবজির বাজারে চড়া দাম, বেড়েছে ডিমের দর

প্রকাশিত: 26 November 2026, 6:55 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

শীতের সবজি বাজারে আসতে শুরু করলেও ক্রেতাদের স্বস্তি মিলছে না। বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে ৮০ টাকার বেশি দামে। বিক্রেতারা জানিয়েছেন, সাম্প্রতিক বৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়া এবং সরবরাহে বিঘ্ন ঘটায় সবজির দাম বেড়েছে। অন্যদিকে, গত সপ্তাহের তুলনায় মুরগি ও হাঁসের ডিমের দাম কিছুটা বাড়লেও কমেছে মুরগির মাংসের দাম। এছাড়া দেশি রসুনের দাম বাড়লেও চায়না আদা ও রসুনের দাম কমেছে। সব মিলিয়ে নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের জন্য স্বস্তির চেয়ে বাড়তি দামের চাপই বেশি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মিরপুর ১ নম্বরের কাঁচাবাজারে সরেজমিন ঘুরে এই চিত্র দেখা গেছে।

বাজারে এখনো সবজির বাজার বেশ চড়া। প্রতি কেজি দেশি টমেটো ১৫০ টাকা, ভারতীয় টমেটো ১৮০ টাকা, কাঁচা টমেটো ৮০ টাকা, দেশি গাজর ১০০ টাকা, চায়না গাজর ১৪০ টাকা, দেশি নতুন আলু ১৪০ টাকা এবং ভারতীয় নতুন আলু ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি লম্বা বেগুন ৮০ টাকা, সাদা গোল বেগুন ১০০ টাকা এবং কালো গোল বেগুন ১২০ টাকায় বিক্রি হচ্ছে। শিম মানভেদে ১০০ থেকে ১২০ টাকা, দেশি শসা ১০০ টাকা, উচ্ছে ১১০ টাকা, করলা ১০০ টাকা, কাঁকরোল ১৬০ টাকা, ঢ্যাঁড়স ৮০ থেকে ১০০ টাকা, হাইব্রিড পটল ৭০ টাকা, দেশি পটল ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ধুন্দল ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, কচুর লতি ৮০ টাকা, মূলা ৫০ টাকা, কচুরমুখী ১০০ টাকা এবং শালগম ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, প্রতি কেজি কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকা, ধনেপাতা ১৬০ টাকা, হাইব্রিড শসা ৭০ টাকা, পেঁপে ৪০ টাকা এবং মিষ্টি কুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে। মানভেদে প্রতিটি লাউ ৮০ টাকা, চালকুমড়া ৬০ টাকা, ফুলকপি ৬০ টাকা ও বাঁধাকপি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি হালি কাঁচা কলা ৫০ টাকা এবং লেবু ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে সবজি বিক্রেতা মো. শাহ আলম বলেন, বৃষ্টি হওয়াতে সবজির দাম একটু বেড়েছে। তবে এটা কমে যাবে। ফসলে অনেক ক্ষতি হয়েছে বৃষ্টিতে, তাই এখন এমন দাম।

আরেক বিক্রেতা মো. সোহেল বলেন, এখন দাম কম থাকার কথা, কারণ শীতের সবজি চলে এসেছে। কিন্তু বৃষ্টি ঝামেলা করে ফেলেছে। মাল পচে গিয়েছে অনেক। আমরা ১৩০টা ফুলকপি এনেছিলাম, এর মধ্যে ২০টাই পচে গেছে। এখন আমরা কী করব, ওগুলোর দাম আমাদের উঠাতে হবে। তাই দাম বাড়তি আছে। শুধু ফুলকপি না, সব সবজিরই একই অবস্থা। তবে কিছুদিন পরে এটা আবার কমে যাবে।

এদিকে বাজার করতে আসা সাইদুর রহমান বলেন, সবজির দাম তো কমেই না, উল্টো বাড়ে। এখন বাজার করতে আসলে বুঝি না কী কিনবো আর কী কিনবো না, কারণ সবকিছুর দামই বেশি। আমার মনে হয়, আমার মতো যারা নির্দিষ্ট ইনকামের মানুষ আছে, তাদের সবারই একই অবস্থা। বাজারে কিছু ধরতে গেলেই অটোমেটিক মাথায় চলে আসে, পকেটে কত টাকা আছে।

আজকের বাজারে ক্রস জাতের পেঁয়াজ আকার ও মানভেদে ৫০ টাকা এবং দেশি পেঁয়াজ ৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লাল ও সাদা আলুর দাম কেজিপ্রতি ২৫ টাকা এবং বগুড়ার আলু বিক্রি হচ্ছে ৫০ টাকায়। অন্যদিকে, দেশি রসুন ১১০ থেকে ১২০ টাকা, চায়না রসুন ১৫০ থেকে ১৬০ টাকা এবং চায়না আদা ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দেখা গেছে, আজকের বাজারে দেশি রসুনের দাম প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। অপরদিকে চায়না রসুনের দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা এবং চায়না আদার দাম ২০ থেকে ৩০ টাকা কমেছে।

আজকের বাজারে সব ধরনের ডিমের দাম বেড়েছে। মুরগির লাল ও সাদা ডিমের দাম ডজনে ৫ থেকে ১০ টাকা এবং হাঁসের ডিমের দাম ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। অপরদিকে দেশি মুরগি বাদে সব ধরনের মুরগির মাংসের দাম কেজিতে ৭ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে।

আজকের বাজারে প্রতি ডজন লাল ডিম ১২৫ থেকে ১৩০ টাকা এবং সাদা ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া হাঁসের ডিম ডজনপ্রতি ২০০ থেকে ২১০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে, প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৭০ টাকা, কক মুরগি ২৮০ থেকে ৩০০ টাকা, লেয়ার মুরগি ২৮৭ থেকে ২৯০ টাকা এবং দেশি মুরগি ৬২০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম কেজিপ্রতি ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২৫০ টাকা।

এদিকে মাছের বাজারেও রয়েছে দামের ভিন্নতা। আকার ও ওজন অনুযায়ী প্রতি কেজি ইলিশ মাছ ১০০০ থেকে ২৬০০ টাকা, রুই মাছ ৪০০ থেকে ৭০০ টাকা এবং কাতল মাছ ৩৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। কালিবাউশ মাছ ৫০০ থেকে ৮০০ টাকা, চিংড়ি মাছ ৭০০ থেকে ১৬০০ টাকা, কাঁচকি মাছ ৫০০ থেকে ৬০০ টাকা এবং কৈ মাছ ২২০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া প্রতি কেজি পাবদা মাছ ৪০০ থেকে ৬০০ টাকা, বাতাসি মাছ ১৪০০ থেকে ১৬০০ টাকা, কাজলি মাছ ১২০০ থেকে ১৬০০ টাকা, শিং মাছ ৪০০ থেকে ১২০০ টাকা, টেংরা মাছ ৬০০ থেকে ১০০০ টাকা, মেনি মাছ ৫০০ থেকে ৮০০ টাকা, বোয়াল মাছ ৬০০ থেকে ১২০০ টাকা এবং রূপচাঁদা মাছ ১২০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

আজকে বাজারে মুদি দোকানের পণ্যের দামে কোনো পরিবর্তন আসেনি। এখনও নিত্যপ্রয়োজনীয় পণ্য উচ্চ দামেই বিক্রি হচ্ছে। তবে প্রতি কেজিতে লবঙ্গের দাম ১৫০ টাকা এবং জিরার দাম ১৪০ টাকা বেড়েছে।

আজ প্রতি কেজি প্যাকেটজাত পোলাওয়ের চাল ২৩০ টাকা এবং খোলা পোলাওয়ের চাল মানভেদে ১৬০ থেকে ১৬৫ ও ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট মসুর ডাল প্রতি কেজি ১৪০ থেকে ১৫০ টাকা, মোটা মসুর ডাল ৯০ টাকা, বড় মুগ ডাল ১৪০ টাকা, ছোট মুগ ডাল ১৭০ টাকা, খেসারির ডাল ৮৫ টাকা, বুটের ডাল ১২০ টাকা, ছোলা ১২০ টাকা এবং মাষকলাইয়ের ডাল ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা। খোলা সয়াবিন তেল প্রতি কেজি ২০৫ টাকা এবং খোলা সরিষার তেল প্রতি লিটার ২২০ টাকায় বিক্রি হচ্ছে। কৌটাজাত ও খোলা ঘি প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা, প্যাকেটজাত ও খোলা চিনি ১১০ টাকা কেজি, দুই কেজির প্যাকেট ময়দা ১৭০ টাকা এবং দুই কেজির প্যাকেট আটা ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

মসলার মধ্যে প্রতি কেজি এলাচ ৫ হাজার ৪০০ টাকা, দারুচিনি ৫০০ টাকা, লবঙ্গ ১৫৫০ টাকা, সাদা গোলমরিচ ১ হাজার ৩০০ টাকা, কালো গোলমরিচ ১ হাজার ৩০০ টাকা, জিরা ৬৪০ টাকা, কাজুবাদাম ১ হাজার ৪০০ টাকা এবং কাঠবাদাম ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

মন্তব্য করুন