ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

নেপালে বন্যায় নিখোঁজদের মৃত ঘোষণার আইনি প্রক্রিয়া শুরু

প্রকাশিত: 26 November 2026, 7:03 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

সম্প্রতি হিমালয়কন্যা খ্যাত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের তিন মাস পর এখনো নিখোঁজ কয়েক হাজার মানুষকে আইনগতভাবে মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু করেছে দেশটি।

গত ২৬ আগস্ট নেপাল-চীন সীমান্তের পার্বত্য অঞ্চলের একটি হিমবাহ ধসে পড়লে পানি, বরফ, পাথর ও ধ্বংসাবশেষের প্রবল স্রোত নেমে আসে। নেপালে ওই বন্যায় ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। নিখোঁজ হন ৫ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র রাম বাহাদুর কেসি বলেন, ‘নিখোঁজ ব্যক্তিদের তথ্য যাচাই-বাছাই করে তাদের মৃত ঘোষণার প্রক্রিয়া আমরা শুরু করেছি।’

ইতোমধ্যে ৬২৩ জন বিদেশি নাগরিকসহ প্রায় চার হাজার নিখোঁজ ব্যক্তির নাম উল্লেখ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। আনুষ্ঠানিক ঘোষণার আগে এ তালিকার বিষয়ে কোনো আপত্তি বা সংশোধনী থাকলে তা জানাতে বলা হয়েছে। আরো যাচাই-বাছাই শেষে তালিকায় নতুন নাম যুক্ত করা হতে পারে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সরকার আনুষ্ঠানিকভাবে মৃত্যুর ঘোষণাপত্র জারি করবে বলে আশা করা হচ্ছে।

গত অক্টোবরে নেপালের আইনে পরিবর্তন আনার পর এই পদক্ষেপ নেওয়া হলো। সংশোধিত ওই আইনে দুর্যোগে নিখোঁজ ব্যক্তিদের মৃত ঘোষণার অপেক্ষমাণ সময়সীমা ১২ বছর থেকে কমিয়ে প্রায় ছয় সপ্তাহ করা হয়েছে।

হিমালয়কন্যা খ্যাত দেশটির ইতিহাসে অন্যতম প্রাণঘাতী দুর্যোগ ছিল এই বন্যা। কয়েক সপ্তাহ ধরে শত শত উদ্ধারকর্মী কাদা ও ধ্বংসাবশেষের স্তূপ সরিয়ে তল্লাশি চালালেও নিখোঁজদের মধ্যে মাত্র কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। এখন পর্যন্ত মাত্র ১১২ জনের মরদেহ শনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে মৃত্যুসনদ না থাকায় অনেক পরিবার ক্ষতিপূরণ দাবি, সম্পত্তি হস্তান্তর কিংবা অন্যান্য আইনি জটিলতা নিষ্পত্তি করতে পারছে না। যাদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি, তাদের কারো কারো স্বজনরা ইতিমধ্যেই প্রতীকী শেষকৃত্য সম্পন্ন করেছেন।

মন্তব্য করুন