ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

‘পদ্মাবত’-এর শুটিংয়ে ২৪ বার চড় খেতে হয়েছিল রণবীরকে

প্রকাশিত: 26 November 2026, 7:05 pm আপডেট: 26 November 2026, 10:15 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

সঞ্জয় লীলা বানসালীর আলোচিত চলচ্চিত্র ‘পদ্মাবত’-এ আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করে দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন বলিউড তারকা রণবীর সিং। পর্দায় এই নিষ্ঠুর শাসকের চরিত্রটিকে জীবন্ত ও বিশ্বাসযোগ্য করে তুলতে কঠিন পরিশ্রম করতে হয়েছিল তাকে। তবে এই সিনেমার একটি দৃশ্যের ধারণকালে তাকে বেশ কষ্টদায়ক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। দৃশ্যটি নিখুঁত করতে সহ-অভিনেতা রাজা মুরাদের কাছ থেকে টানা ২৪ বার সত্যি সত্যি চড় খেতে হয়েছিল তাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার স্মৃতিচারণ করেছেন প্রবীণ অভিনেতা রাজা মুরাদ। তিনি জানান, ‘পদ্মাবত’ সিনেমার একটি বিশেষ দৃশ্যে রণবীরকে চড় মারার নির্দেশ ছিল। কিন্তু পরিচালকের মনের মতো না হওয়ায় বার বারবার একই শট নিতে হচ্ছিল। আর প্রতিটি শটেই রণবীরকে সত্যি সত্যিই চড় মারছিলেন তিনি।

ঘটনার বর্ণনা দিয়ে রাজা মুরাদ বলেন, ‘আমি ওকে সত্যিই চড় মারছিলাম। এভাবে মোট ২৪ বার দৃশ্যটির শুটিং করতে হয়েছিল। সঞ্জয় চেয়েছিলেন চড়ের শব্দ যেন একদম স্পষ্ট ও জোরে শোনা যায়। কিন্তু কিছুতেই দৃশ্যটি তার মনমতো হচ্ছিল না।’

পরিচালকের নির্দেশে বারবার একই শট দিতে গিয়ে রণবীরের শারীরিক কষ্টের কথা উল্লেখ করে রাজা মুরাদ জানান, সেই মুহূর্তে রণবীরের কেমন লাগছিল, তা নিয়ে পরিচালক একেবারেই চিন্তিত ছিলেন না। সঞ্জয় কেবল বলেই যাচ্ছিলেন, ‘রাজা, মারুন! আরো একবার মারুন।’ শেষ পর্যন্ত চড়ের চোটে রণবীরের গাল ফুলে গিয়েছিল। প্রচণ্ড কষ্ট হওয়া সত্ত্বেও স্রেফ মানসিক শক্তির জোরেই রণবীর সেখানে দাঁড়িয়ে ছিলেন বলে জানান তিনি।

এই অভিজ্ঞতার পাশাপাশি রণবীরের পেশাদারত্ব ও কাজের প্রতি একাগ্রতার তীব্র প্রশংসা করেন রাজা মুরাদ। তিনি জানান, শুটিং চলাকালে রণবীর নিজেকে পুরোপুরি চরিত্রের ভেতর ডুবিয়ে রাখতেন। সে সময় সেটে অন্যদের সঙ্গে অহেতুক কথা না বলে অভিনয়েই মনোনিবেশ করতেন। রণবীরের এই ধ্যায়ানমগ্ন আচরণ বোঝাতে গিয়ে তাকে খাঁচায় বন্দি সিংহের সঙ্গে তুলনা করেন এই জ্যেষ্ঠ অভিনেতা।

রণবীরের অভিনয় দক্ষতার প্রশংসা করে রাজা মুরাদ আরো বলেন, হিন্দি সিনেমার দীর্ঘ ইতিহাসে রণবীরের মতো দক্ষ ও গুণী অভিনেতা খুব বেশি আসেননি। তাকে বর্তমান সময়ের অন্যতম সেরা অভিনেতা হিসেবেও অভিহিত করেন তিনি।

উল্লেখ্য, ২০১৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা বানশালী পরিচালিত ঐতিহাসিক পটভূমির সিনেমা ‘পদ্মাবত’। এতে রানি পদ্মাবতীর চরিত্রে অভিনয় করেন দীপিকা পাড়ুকোন এবং মহারাওয়াল রতন সিংয়ের ভূমিকায় দেখা যায় শহীদ কাপুরকে। আর আলাউদ্দিন খিলজি চরিত্রে রণবীর সিংয়ের অনবদ্য অভিনয় ছবিটি মুক্তির পর অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছিল।

মন্তব্য করুন