ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

চীনের আধিপত্য রুখতে ট্রাম্পের নতুন শুল্কনীতির কৌশল

প্রকাশিত: 26 November 2026, 7:07 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

বিশ্বের উৎপাদনকেন্দ্র হিসেবে পরিচিত চীনের ওপর চাপ সৃষ্টি করে বৈশ্বিক বাণিজ্যব্যবস্থা ঢেলে সাজাতে চাইছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের নতুন এই শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত বেইজিংয়ের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনাকে আরও উসকে দিতে পারে। এই প্রচেষ্টার মূল লক্ষ্যই হলো চীনের বৈশ্বিক বাণিজ্যের আধিপত্য কমিয়ে আনা।

নতুন শুল্কের হার চীনের সঙ্গে বিদ্যমান বাণিজ্যিক সমঝোতার সীমার মধ্যেই রাখা হয়েছে, তবে ভবিষ্যতে তা আরও বাড়ানোর সুযোগ রেখেছে যুক্তরাষ্ট্র। আগামী মাসে মিয়ামিতে দুই দেশের নেতাদের চতুর্থ শীর্ষ বৈঠক এবং ১০ জানুয়ারি বাণিজ্য চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে এই সিদ্ধান্তের গুরুত্ব অনেক বেড়েছে।

গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিকসের প্রধান এশিয়া অর্থনীতিবিদ মার্ক উইলিয়ামসের মতে, নতুন এই পদক্ষেপগুলো ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুর দিকের কৌশলেরই প্রতিফলন। অর্থনৈতিক প্রভাব কাজে লাগিয়ে অন্য দেশগুলোকে বাণিজ্য সুরক্ষাব্যবস্থা জোরদার এবং চীনের ওপর নির্ভরতা কমাতে চাপ দিচ্ছে ওয়াশিংটন।

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, প্রথম মেয়াদে আরোপ করা ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি চীনের ওপর আরও ২০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে। তবে সমঝোতা ভেঙে গেলে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এই শুল্ক ৪০ শতাংশে পৌঁছাতে পারে। এদিকে, অন্যায্য শিল্পনীতির অভিযোগ প্রত্যাখ্যান করলেও বেইজিং এখনো পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়নি।

বিশ্বজুড়ে শিল্প খাতের অতিরিক্ত উৎপাদন সক্ষমতাসহ অন্যায্য বাণিজ্যচর্চা নিয়ে আট মাসের তদন্তের পর এই নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত এসেছে। ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ওপরও একই ধরনের চাপ প্রয়োগ করছে ওয়াশিংটন। বিশেষ করে চীন থেকে আমদানি ও চীনা বিনিয়োগ নিয়ন্ত্রণে পদক্ষেপ না নেয়ায় বাণিজ্য অংশীদারদের সমালোচনা করছে যুক্তরাষ্ট্র। ভিয়েতনাম ও ইউরোপীয় ইউনিয়নসংক্রান্ত প্রতিবেদনে চীনের নাম যথাক্রমে ২৫০ ও ৩০০ বারের বেশি উল্লেখ করা হয়েছে।

২০২৫ সালের এপ্রিলে ট্রাম্পের ‘লিবারেশন ডে’তে ঘোষিত শুল্ক সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণার পর এটি দ্বিতীয়বারের মতো বৈশ্বিক বাণিজ্যব্যবস্থা পুনর্গঠনের উদ্যোগ। সে সময় পাল্টাপাল্টি শুল্ক তিন অঙ্কের ঘরে পৌঁছেছিল এবং চীন বিরল মৃত্তিকা উপাদান রফতানিতে বিধিনিষেধ আরোপ করে সক্ষমতা দেখিয়েছিল। তবে চলতি মাসে চীন সফরে ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা এবং বিরল মৃত্তিকা উপাদান রফতানির বিধিনিষেধ স্থগিতের মেয়াদ বাড়ানো ও বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি দুই দেশের সম্পর্ক স্থিতিশীল থাকার ইঙ্গিত দিচ্ছে।

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইস্ট এশিয়ান ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক চেন বো মনে করেন, উভয় পক্ষই একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তবে শুল্ক বাড়ানোর ফলে মূল্যস্ফীতির ওপর প্রভাব নিয়ে ওয়াশিংটনকে সতর্ক থাকতে হবে, কারণ মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে জীবনযাত্রার ব্যয় নিয়ে ভোটারদের অসন্তোষ ছিল প্রধান কারণ।

চীনের অভ্যন্তরীণ ভোগব্যয় দুর্বল এবং রফতানির ওপর নির্ভরতা বাড়ায় অন্য দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ম্যাককোয়ারি ক্যাপিটালের বৈশ্বিক কৌশলবিদ ভিক্টর শভেটসের মতে, যুক্তরাষ্ট্রের অসংগত বাণিজ্যনীতির চেয়ে চীনের অর্থনৈতিক কাঠামো পুনর্গঠনে ব্যর্থতাই বাণিজ্যিক উত্তেজনা বৃদ্ধির বড় কারণ। ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে চীন থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু গাড়ির ক্ষেত্রে কোটা মেনে নিতে বেইজিংকে রাজি করিয়েছে। সাংহাইভিত্তিক বিশ্লেষক বো ঝেংইউয়ানের মতে, বাণিজ্যের সব ক্ষেত্রে চীন নিজের শর্ত প্রতিষ্ঠা করতে পারছে না, তাই ভবিষ্যতে বেইজিংকে আরও ছাড় দিতে হবে।

মন্তব্য করুন