তিরুপতি মন্দিরে জৈন দম্পতির ২৭৯ কোটি টাকার স্বর্ণ দান
অনলাইন ডেস্ক:
ভারতের অন্ধ্রপ্রদেশের বিশ্বখ্যাত তিরুপতি মন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান করেছেন চেন্নাইয়ের এক জৈন দম্পতি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে তারা এই মূল্যবান স্বর্ণালংকারগুলো দান করেন।
দান করা এসব স্বর্ণালংকারের বাজারমূল্য ২০৬ কোটি রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭৯ কোটি টাকা। ওই দম্পতির নাম বর্ধমান জৈন ও রাধিকা জৈন। তারা আনুষ্ঠানিকভাবে অন্ধ্রপ্রদেশের তিরুমালা তিরুপতি দেবস্থানমের (টিটিডি) পুরোহিত ও প্রতিনিধিদের হাতে হীরাখচিত স্বর্ণালংকারসহ এই মূল্যবান উপহার তুলে দেন। মন্দিরটিতে এ পর্যন্ত করা উল্লেখযোগ্য দানগুলোর মধ্যে এটি অন্যতম।
অনুষ্ঠান শেষে দাতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি এই দানকে অসাধারণ ধর্মীয় বিশ্বাসের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করে বলেন, ‘ভগবান ভেঙ্কটেশ্বরের উদ্দেশে ২০৬ কোটি রুপির স্বর্ণালংকার দান করা ব্যতিক্রমী একটি ঘটনা। দেবতার প্রতি গভীর ভক্তি ও বিশ্বাস থেকে জৈন দম্পতি এই দানে এগিয়ে এসেছেন। এমন একটি ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’
প্রাচীন শাসকদের অবদানের কথা স্মরণ করে নাইডু আরও বলেন, পল্লব, চোল, চের, পাণ্ড্য, মহীশূর ও মারাঠা রাজারা বিভিন্ন সময়ে মন্দিরটিতে মূল্যবান অলংকার ও উপহার দিয়েছেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে ভক্ত ও শাসকদের দানে এই মন্দিরটি সমৃদ্ধ হয়েছে।
এ সময় মুখ্যমন্ত্রী টিটিডিকে মন্দিরের পবিত্রতা রক্ষার পাশাপাশি গরু সংরক্ষণ, বৈদিক ঐতিহ্য ও পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। এছাড়া তিনি ‘বৃক্ষ গোবিন্দম’ উদ্যোগের প্রসার, মন্দিরের অবকাঠামো সম্প্রসারণ এবং টিটিডির সহায়তায় অন্ধ্রপ্রদেশজুড়ে ৫ হাজার মন্দির নির্মাণের পরিকল্পনার কথাও ঘোষণা করেন।
তিনি জানান, তার সরকার অন্নদানম বা খাদ্য বিতরণ, স্বাস্থ্যসেবা ও শিক্ষামূলক কার্যক্রম আরও জোরদার করবে। ভক্তদের জন্য ‘মানব সেবাই মাধব সেবা’ অর্থাৎ মানবতার সেবাই ঈশ্বরের সেবা— এই আদর্শ অনুসরণের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। ধনী ব্যক্তিদের এই জৈন দম্পতির দৃষ্টান্ত অনুসরণের আহ্বান জানিয়ে নাইডু বলেন, সম্পদ সামাজিক কল্যাণ, ধর্মীয় কর্মকাণ্ড এবং সুবিধাবঞ্চিত মানুষের সেবায় ব্যয় করা উচিত।
