যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে শুল্ক বাড়ার ঝুঁকিতে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে গড় শুল্কের হার বেড়ে ৩৩ দশমিক ৬ শতাংশ পর্যন্ত হতে পারে। অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব কার্যকর হলে বাংলাদেশি রপ্তানিকারকদের ওপর বড় ধরনের চাপ তৈরি হবে। বর্তমানে চীন, ভারত ও ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের শুল্কহার কম থাকলেও নতুন এই প্রস্তাব কার্যকর হলে তা কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার সমান পর্যায়ে পৌঁছাবে। অন্যদিকে, ভারত ও ভিয়েতনাম যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে সক্ষম হয়, তবে তাদের শুল্ক কমে গিয়ে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থানকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) এক বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে। গত ২৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর (ইউএসটিআর) সেকশন ৩০১-এর আওতায় অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্তের ভিত্তিতে নতুন শুল্ক আরোপের প্রস্তাব প্রকাশ করে। এতে বাংলাদেশের পণ্যের ওপর বিদ্যমান সেকশন ৩০১ শুল্কের বাইরে সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। বাংলাদেশের সঙ্গে আলোচনা ও প্রতিশ্রুতি সন্তোষজনক না হলে এই হার ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। বিএভির হিসাব অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাকের গড় শুল্কের হার ২৫ দশমিক ৬ শতাংশ, যা নতুন প্রস্তাব কার্যকর হলে ৩৩ দশমিক ৬ শতাংশে দাঁড়াবে। অর্থাৎ, শুল্কের চাপ বাড়বে ৮ শতাংশ পয়েন্ট।
তবে নতুন এই শুল্কের সঙ্গে আগে থেকে আরোপিত সব শুল্ক সরাসরি যোগ হবে না। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সিএনবিসিকে জানিয়েছেন, নতুন শুল্কের হার জোরপূর্বক শ্রমসংক্রান্ত শুল্কের সঙ্গে সরাসরি যুক্ত করার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে না। বাংলাদেশের ক্ষেত্রে বিদ্যমান ১০ থেকে ১৮ শতাংশ সেকশন ৩০১ শুল্কের ওপর সর্বোচ্চ ৮ শতাংশ পয়েন্ট পর্যন্ত বাড়তি শুল্ক যুক্ত হওয়ার হিসাব করা হয়েছে।
নতুন প্রস্তাব কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাকের গড় শুল্কের হার চীন (৪৩ দশমিক ১ শতাংশ), ভারত (৪০ দশমিক ৬ শতাংশ) ও ভিয়েতনামের (৫০ দশমিক ৬ শতাংশ) তুলনায় কম থাকবে। তবে ভারত ও ভিয়েতনাম যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি করতে পারে, তবে তাদের শুল্কের হার যথাক্রমে ৩২ দশমিক ৬ শতাংশ এবং ৩৫ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে। এতে ভারত বাংলাদেশের চেয়ে ১ শতাংশ পয়েন্ট কম শুল্কে পোশাক রপ্তানির সুবিধা পাবে, যা বাংলাদেশের জন্য বড় প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জ তৈরি করবে।
নতুন শুল্ক প্রস্তাবে তৈরি পোশাকের জন্য আলাদা কোনো ছাড় রাখা হয়নি। একই সঙ্গে গত জুলাইয়ে তুলা আমদানিসংক্রান্ত কোটার যে সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার কোনো অগ্রগতির উল্লেখ নেই। তবে নির্দিষ্ট কিছু পণ্যে শুল্ক কমানোর জন্য বস্ত্র খাতভিত্তিক বিশেষ ব্যবস্থা নেওয়া যায় কি না, সে বিষয়ে ইউএসটিআর মতামত চেয়েছে। বিএভির সুপারিশ অনুযায়ী, আলোচনায় বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত নতুন শুল্কের হার ১৭ শতাংশের বেশি না হতে দেওয়া। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা ব্যবহার করে তৈরি পোশাকের ক্ষেত্রে সেকশন ৩০১-এর আওতায় আরোপিত উভয় ধরনের শুল্ক প্রত্যাহারের জন্য বিশেষ কোটার সুবিধা চাওয়া প্রয়োজন।
এ বিষয়ে বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও সিইও মহিউদ্দিন রুবেল বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক বাড়ার প্রস্তাবটি উদ্বেগের। তিনি সরকারের প্রতি আহ্বান জানান যেন আলোচনার মাধ্যমে শুল্কহার যতটা সম্ভব কমিয়ে আনা হয়। ৫ জানুয়ারি মতামত জমা দেওয়ার শেষ সময় এবং ২৫ জানুয়ারির শুনানিকে সামনে রেখে তিনি ১৭ শতাংশ বা তার নিচে শুল্ক রাখার দাবি জানানোর পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে দীর্ঘমেয়াদে বাজার ধরে রাখতে পণ্যের বৈচিত্র্য ও উৎপাদন দক্ষতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন বলেন, অতিরিক্ত শুল্ক কার্যকর হলে রপ্তানিকারকদের মুনাফা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, যার নেতিবাচক প্রভাব বিনিয়োগ ও কর্মসংস্থানে পড়তে পারে। তিনি তথ্য-উপাত্ত ও যৌক্তিক ব্যাখ্যার মাধ্যমে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি প্রতিযোগী দেশগুলোর বাণিজ্য আলোচনার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন। এছাড়া দেশের ভেতরে উৎপাদন ব্যয় কমানো, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং বাজার বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
উল্লেখ্য, বিএভির বিশ্লেষণে যুক্তরাষ্ট্রের গড় সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশ (এমএফএন) শুল্ক ১৫ দশমিক ৬ শতাংশ ধরে এই হিসাব করা হয়েছে। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত ইউএসটিআর মতামত গ্রহণ করবে এবং ২৫ জানুয়ারি এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
