ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

আমদানিকারকদের বুঝিয়ে সয়াবিন তেলের বাড়তি দাম আটকে রাখা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: 27 November 2026, 11:08 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

মূল্য নির্ধারণের ফর্মুলা অনুযায়ী সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা ছিল; কিন্তু আমদানিকারকদের বুঝিয়ে বর্তমান দামেই তা আটকে রাখা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রী। অনুষ্ঠান শেষে তিনি বলেন, ফর্মুলা অনুযায়ী দাম আরও বাড়ার কথা থাকলেও আমদানিকারকদের সঙ্গে কথা বলে, এক ধরনের চাপ প্রয়োগ করে বর্তমান দাম ধরে রাখা হয়েছে।

দাম নির্ধারণের হিসাব ব্যাখ্যা করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজার থেকে কেনা দাম (সিঅ্যান্ডএফ), বন্দরের খরচ, প্রক্রিয়াজাতকরণ ব্যয় ও অপচয় মিলিয়েই প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়। এতে কোনো গোপন হিসাব নেই; সাংবাদিকরা চাইলে মন্ত্রণালয় থেকে ফর্মুলাটি সংগ্রহ করে নিজেরা যাচাই করে দেখতে পারেন। সয়াবিন ও পাম তেল বাংলাদেশে উৎপাদিত হয় না, তাই উৎস দেশে দাম বাড়লে তার প্রভাব এখানেও পড়ে।

আসন্ন রমজান সামনে রেখে নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীল রয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ও কাফকোর চেয়ারম্যান আবদুন নাসের খান। এ সময় সিলেটের সংসদ সদস্য এম এ মালিক, বাংলাদেশ রসায়ন শিল্প করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান বাবুল মিয়া, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ স্থানীয় কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সরকার সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়িয়ে বোতলজাত তেলের দাম ২০৭ টাকা নির্ধারণ করে। মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ফর্মুলার হিসেবে এর চেয়েও বেশি বৃদ্ধির সুযোগ ছিল, যা আপাতত কার্যকর করা হচ্ছে না।

মন্তব্য করুন