ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

৩১ দিন পর নিভল ইনানীর গ্যাসকূপের আগুন

প্রকাশিত: 27 November 2026, 11:09 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

এক মাসের বেশি সময় ধরে জ্বলতে থাকা কক্সবাজারের উখিয়ার ইনানীর গ্যাসকূপের আগুন অবশেষে নিভেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের পানি ছিটানো আর ড্রিলিং দলের কেসিং বসানোর যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কূপ থেকে এখনো গ্যাস বের হচ্ছে; পুরোপুরি সিল করতে আরও চার-পাঁচ দিন লাগতে পারে।

গত ২৭ অক্টোবর ইনানীতে টিউবওয়েল খননের সময় প্রায় এক হাজার ফুট গভীরে বৈদ্যুতিক তারের স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর থেকে টানা ৩১ দিন ধরে জ্বলছিল কূপটি। আগুন নেভানোর আগে ১৫ দিন ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয় এবং শেষ ১৪ দিন ধরে চলে নিয়ন্ত্রণের কাজ।

শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা কূপে পানি ছিটাতে থাকেন। এর মধ্যেই ড্রিলিং দল ৩০ ইঞ্চি ব্যাসের একটি কেসিং প্রায় ১৩ ফুট ভেতরে বসিয়ে দেন; মাত্র ১০ মিনিটের মধ্যে আগুন নিভে যায়। পরে কূপ থেকে নির্গত গ্যাস প্রায় ৪৫ ফুট দূরে সরিয়ে নিয়ে নিয়ন্ত্রিতভাবে জ্বালিয়ে দেওয়া হয়। পানি প্রতিস্থাপন পদ্ধতিতে দুটি বোতলে গ্যাসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ড্রিলিং তত্ত্বাবধায়ক মোহাম্মদ রাকিবুল হাসান জানান, আগুন নিভলেও কূপ থেকে গ্যাস বের হওয়া বন্ধ হয়নি। ড্রিল পাইপ নামিয়ে বেন্টোনাইট ও সিমেন্টিংয়ের মাধ্যমে কূপটি পুরোপুরি সিল করার কাজ চলবে; এতে আরও চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে।

এদিকে এলাকায় ভূতাত্ত্বিক জরিপের পরিকল্পনার কথাও জানানো হয়েছে। জরিপ দলের প্রধান এস এম নাফিফুন আরহাম জানান, প্রায় ৬৭৫ বর্গকিলোমিটার এলাকায় ১২০ লাইন-কিলোমিটার জরিপ চালানোর পরিকল্পনা রয়েছে। বিভাগীয় প্রধান শ্যামল কুমার বালুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন