ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

যশোরে ৩ কোটি ৫৬ লাখ টাকার ১৫টি সোনার বার জব্দ, আটক ৩

প্রকাশিত: 27 November 2026, 11:09 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

যশোরে সীমান্ত পেরিয়ে ভারতে পাচারের পথে ধরা পড়েছে ১৫টি সোনার বার। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে তল্লাশিচৌকিতে একটি প্রাইভেট কার থামিয়ে তিন যাত্রীর শরীরে লুকানো বারগুলো উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সোনার ওজন ১ কেজি ৭৮০ গ্রাম, বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।

যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুরে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরের ফটকের সামনে তল্লাশিচৌকি বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছিল। ভোর ৪টার দিকে ঢাকা থেকে বেনাপোলগামী একটি সাদা প্রাইভেট কার থামিয়ে যাত্রীদের দেহ তল্লাশি করা হলে শরীরে বাঁধা অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়। আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, বারগুলো বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়ার ভাদিয়ালীর হাবিবুর রহমান (২৫), কলারোয়ার কেরাগাছীর সুমন হোসেন (২৩) ও সাতক্ষীরা সদরের সুলতানপুরের হেদায়েতুর রহমান (৩৮)।

সোনার বার ছাড়াও তাদের কাছ থেকে ২৩ গ্রাম রুপা (মূল্য ৭ হাজার টাকা), প্রাইভেট কারটি (মূল্য ৩২ লাখ টাকা), চারটি মোবাইল ফোন (মূল্য ৪৮ হাজার টাকা), দুটি হাতঘড়ি (মূল্য ৩ হাজার টাকা) ও নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দ মালামালের মূল্য ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা।

দুপুরে ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে জব্দ মালামালসহ তাদের যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন