অনলাইন ডেস্ক:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ১৭ মার্চ নতুন দিন ধার্য করেছেন আদালত।
গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে তদন্ত সংস্থা সিআইডি নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।
ফারদিন নূর পরশ ২০২২ সালের ৪ নভেম্বর নিখোঁজ হন। তিন দিন পর ৭ নভেম্বর রাতে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করে নৌ পুলিশ। পরে ৯ নভেম্বর রাতে নিহতের বাবা নুর উদ্দিন রানা বাদী হয়ে রামপুরা থানায় মামলা করেন। মামলায় ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরাসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়।
২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে অব্যাহতি চেয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর, ওই বছরের ১৬ এপ্রিল মামলার বাদী নুর উদ্দিন রানার নারাজির আবেদন মঞ্জুর করে আদালত মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দেন সিআইডিকে।










