অনলাইন ডেস্ক:
পাকিস্তানের জাতীয় পরিষদে সংসদ সদস্যদের বেতন ও ভাতা সম্পর্কিত বিল-২০২৫ পাস হয়েছে, যার মাধ্যমে সংসদ সদস্যদের বেতন ১৩৮ শতাংশ বাড়ানো হবে। নতুন বিলে সংসদ সদস্যদের বেতন দুই লাখ ১৮ হাজার রুপি থেকে বাড়িয়ে পাঁচ লাখ ১৯ হাজার রুপি করার প্রস্তাব রাখা হয়েছে।
এত বড় একটি বেতন বৃদ্ধির প্রস্তাবের বিরুদ্ধে পাকিস্তান জামায়াত-ই-ইসলামী (জেআই) এর আমির হাফিজ নাঈমুর রহমান তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং এটি দেশের অর্থনৈতিক দুর্দশার মধ্যে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে বর্ণনা করেছেন। তার প্রতিবাদে জামায়াত সদস্যরা সংসদ থেকে বেরিয়ে যান।
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর আইন প্রণেতা রোমিনা খুরশিদ আলম বিলটি সংসদে উত্থাপন করেন এবং এতে বিরোধী দল বা সরকারি দলের পক্ষ থেকে কোনো আপত্তি তোলা হয়নি। বিলটি আগে সিনেটে পাস হয় এবং এখন রাষ্ট্রপতির অনুমোদনের জন্য অপেক্ষা করছে।
এর আগে, ২৬ জানুয়ারি জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে জাতীয় পরিষদের অর্থ কমিটি বিলটি অনুমোদন করে। এছাড়া, ডিসেম্বরে পাঞ্জাব বিধানসভায়ও একটি সংশোধনী বিল পাস হয়েছিল, যার মাধ্যমে নির্বাচিত সদস্য, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, সংসদীয় সচিব, বিশেষ সহকারী ও উপদেষ্টাদের আর্থিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছিল।











