অনলাইন ডেস্ক:
রাশিয়ার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ওখোটস্ক সাগরের পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভাসমান বিশাল বরফখণ্ড থেকে ১৩৯ জন জেলেকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। গত বুধবার, রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রায় ৩০০ জন জেলে সেখানে আটকা পড়েছিলেন এবং তাদের মধ্যে কিছু জেলে মাছ ধরা শেষ না করে ফিরে যেতে রাজি ছিলেন না।
উদ্ধার অভিযানটি হেলিকপ্টার ও জলযান ব্যবহার করে পরিচালনা করা হয় এবং ১৩৯ জন জেলেকে নিরাপদে উপকূলে নিয়ে আসা হয়েছে। উদ্ধার অভিযানের বিভিন্ন ভিডিও মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করেছে, যেখানে তুষার ঢাকা বরফের ওপর দিয়ে হাঁটছেন জেলেরা, পিছনে উদ্ধারকর্মীরা তাদের সহায়তা করছেন।
তবে, এখনও পরিষ্কার নয় কেন এত সংখ্যক জেলে একত্রিত হয়ে ওই স্থানে ছিলেন। সাধারণত, সাখালিন অঞ্চলে শীতকালীন মাছ ধরার মৌসুম ফেব্রুয়ারির শুরুতে শুরু হয় এবং এপ্রিল পর্যন্ত চলতে থাকে।
জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়, রাশিয়ার মালকি গ্রাম থেকে ডোলিনকা নদীর মোহনা পর্যন্ত প্রায় ১০ মিটার (৩৩ ফুট) দীর্ঘ বরফ ফাটল তৈরি হয়েছিল, যা জেলেদের বহন করে সমুদ্রে নিয়ে যায়। শীতকাল দীর্ঘ ও তুষারাচ্ছন্ন হওয়ার কারণে সাখালিন অঞ্চলে শীত পাঁচ মাসেরও বেশি সময় ধরে স্থায়ী থাকে।











