অনলাইন ডেস্ক:
অস্ট্রেলিয়া দলের জন্য একে একে বড় চ্যালেঞ্জ আসছে। চ্যাম্পিয়নস ট্রফির জন্য ঘোষিত দল থেকে এবার সরে দাঁড়ালেন দলের মূল পেসার মিচেল স্টার্ক। ব্যক্তিগত কারণে পাকিস্তানে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট থেকে নিজের নাম তুলে নিয়েছেন তিনি। এর আগেই চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন অলরাউন্ডার মিচেল মার্শ, অধিনায়ক প্যাট কামিন্স এবং আরেক পেসার জশ হ্যাজলউড। একে একে এতগুলো খেলোয়াড়ের অনুপস্থিতি অস্ট্রেলিয়ার জন্য এক বড় বিপর্যয়ের সঙ্কেত।
অস্ট্রেলিয়া দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, “আমরা মিচের সিদ্ধান্তকে সম্মান করি। তার প্রতিশ্রুতি ও দেশের প্রতি ভালোবাসা সর্বজনবিদিত। তার ব্যথা সহ্য করার ক্ষমতা, প্রতিকূল পরিস্থিতিতে খেলা এবং দেশের জন্য ক্যারিয়ারের অন্যান্য সুযোগ ত্যাগ করা প্রশংসনীয়। তবে তার অনুপস্থিতি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একটি ধাক্কা, কিন্তু এটি অন্য কাউকে নিজেকে প্রমাণ করার সুযোগ দিচ্ছে।”
এদিকে, স্টার্কের অনুপস্থিতির পর নতুন খেলোয়াড়দের অন্তর্ভুক্তি হয়েছে অস্ট্রেলিয়ার স্কোয়াডে। পাঁচজন নতুন খেলোয়াড়কে চ্যাম্পিয়নস ট্রফির দলে নেয়া হয়েছে, তারা হলেন: শন অ্যাবট, বেন ডোয়ারশিস, জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক, স্পেনসার জনসন এবং তানভীর সাংহা। আর এই পরিবর্তিত দলটির নেতৃত্বের দায়িত্ব দেয়া হয়েছে স্টিভেন স্মিথকে।
স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, অ্যাডাম জাম্পা, শন অ্যাবট, বেন ডোয়ারশিস, জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক, স্পেনসার জনসন, তানভীর সাংহা।
অস্ট্রেলিয়া দলের জন্য এটি একটি কঠিন সময় হলেও, এই পরিবর্তন তাদের নতুন সুযোগ তৈরি করবে, যেখানে তরুণরা নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে।











