অনলাইন ডেস্ক:
বিমান যাত্রীদের প্রকৃত ভাড়ায় গন্তব্যে পৌঁছানোর জন্য বিভিন্ন নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের সিএ-২ অধিশাখা থেকে পরিপত্রটি জারি করা হয়, যা স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুমানা ইয়াসমিন।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, গ্রুপ-টিকিট বুকিংসহ যেকোনো প্রকার টিকিট বুকিংয়ের সময় যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের ফটোকপির মাধ্যমে বুকিং সম্পন্ন করতে হবে। বুকিং দেওয়ার তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট যাত্রীর নামে টিকিট ইস্যু না হলে এয়ারলাইন্স স্বয়ংক্রিয়ভাবে টিকিটি বাতিল করবে।
এছাড়া, গ্রুপ-বুকিংয়ের মাধ্যমে ব্লক করা টিকিট সাত দিনের মধ্যে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বরসহ বিক্রয় নিশ্চিত করতে হবে, অন্যথায় টিকিট বাতিল হবে। বিক্রয়কৃত টিকিটের প্রকৃত মূল্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে জানাতে হবে, এবং মন্ত্রণালয় তা তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে।
পরিপত্রে আরো বলা হয়েছে, সব ধরনের এয়ার টিকিট অনলাইনে বিক্রয়ের ব্যবস্থা করতে হবে এবং টিকিটির মূল্য অনলাইনে এবং টিকিটের গায়ে প্রদর্শিত থাকতে হবে। এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সিগুলো ‘ট্যারিফ ফিলিং’-এর বিধান পালন করবে এবং তা বেবিচকের ওয়েবসাইটে প্রকাশ করবে।
এছাড়া, চাহিদার অতিরিক্ত টিকিট মজুত করে বিক্রয়ের কারণে দাম বৃদ্ধি হলে ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ স্থগিত বা বাতিল করা হবে। বিদেশগামী শ্রমিকদের জন্য বিশেষ ভাড়ার ব্যবস্থা করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সব এয়ারলাইন্সকে আগামী সাত দিনের মধ্যে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
এদিকে, পরিপত্রে অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বিক্রি বন্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে।











