গাজাবাসীর জন্য ‘জাহান্নামের সব দরজা’ খুলে দেওয়ার হুমকি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর

অনলাইন ডেস্ক:

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎয গাজাবাসীদের জন্য ‘জাহান্নামের সব দরজা’ খুলে দেওয়ার হুমকি দিয়েছেন। বুধবার (১৩ ফেব্রুয়ারি) তিনি এই হুমকি দেন, যা দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন নিয়ে শঙ্কা তৈরি করেছে।

১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) তিন ইসরায়েলি জিম্মি মুক্তি দেওয়ার কথা। তবে হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের মুখপাত্র জানিয়েছেন, তাদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আর কোনো ইসরায়েলি জিম্মি মুক্তি দেওয়া হবে না।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এই সিদ্ধান্তকে ‘যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন’ বলে উল্লেখ করেছেন। এই পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করেছেন যে, যদি হামাস সময়সীমা মেনে না চলে, তবে “তীব্র লড়াই” শুরু হবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হামাসের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেন, “শনিবারের মধ্যে বন্দিবিনিময় সম্পন্ন না হলে যুদ্ধবিরতি চুক্তি বাতিল হওয়া উচিত।” তবে হামাস তাদের হুমকিকে উড়িয়ে দিয়ে দাবি করেছে, “কেবল যুদ্ধবিরতি চুক্তি মেনে চললেই গাজা থেকে জিম্মিদের ফেরত নিতে পারবে ইসরায়েল।”

মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিসর যুদ্ধবিরতি চুক্তি বজায় রাখার জন্য তৎপরতা শুরু করেছে। হামাসের একটি প্রতিনিধি দল বর্তমানে মিসরে অবস্থান করছে এবং আলোচনায় অংশ নিচ্ছে।

এছাড়া, হামাসের কর্মকর্তা মাহমুদ মারদাওই জানিয়েছেন, শনিবার তিন ইসরায়েলি বন্দির মুক্তির ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত রয়েছে, তবে চুক্তি মেনে চলার ব্যাপারে ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি।