সৌদি আরবে পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

অনলাইন ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। ইউক্রেনে প্রায় তিন বছর ধরে চলমান মস্কোর অভিযান নিয়ে পুতিনের সঙ্গে এক ফোনালাপের পর ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমরা শেষ পর্যন্ত দেখা করার প্রত্যাশা করছি। আমি আশা করি, তিনি (পুতিন) সৌদি আরবে আসবেন, আর আমি সেখানে যাব।” তিনি আরও বলেন, “আমরা সম্ভবত প্রথমবারের মতো সৌদি আরবে দেখা করতে যাচ্ছি এবং এটি খুব ভালো জায়গা হবে কিছু আলোচনা করার জন্য।” তবে বৈঠকের তারিখ এখনও নির্ধারিত হয়নি, তবে ট্রাম্প নিশ্চিত করেছেন যে এটি “খুব বেশি দূরে নয়”।

ট্রাম্প জানিয়েছেন, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও এই বৈঠকে উপস্থিত থাকবেন। তিনি বলেন, “আমরা ক্রাউন প্রিন্সকে জানি, এবং এটি দেখা করার জন্য খুব ভালো জায়গা হবে।”

এর আগে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছিলেন যে, পুতিন ট্রাম্প এবং তার প্রশাসনের কর্মকর্তাদের মস্কো সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ইউক্রেনের মীমাংসার বিষয়ে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার জন্য পুতিন এই আমন্ত্রণ জানিয়েছেন।

সূত্র: আরব নিউজ