অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রে বার্ড ফ্ল প্রকোপে পোল্ট্রি খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। এর ফলে ডিমের সরবরাহ কমে যাওয়ায় সুপারস্টোর এবং মুদি দোকানগুলো ডিম বিক্রি সীমিত করতে বাধ্য হয়েছে। এই পরিস্থিতি ডিমের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার পাশাপাশি, দোকানগুলোতে চুরির ঘটনা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে।
মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে বার্ড ফ্লুর কারণে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যে প্রায় ১৫০ মিলিয়ন পোল্ট্রি মুরগি মারা গেছে। ভাইরাসটির প্রকোপ বর্তমানে আরও বৃদ্ধি পেয়েছে। গত নভেম্বরে প্রায় ৭ মিলিয়ন, ডিসেম্বরে ১৮ মিলিয়ন এবং জানুয়ারিতে ২৩ মিলিয়ন পাখি আক্রান্ত হয়েছে।
ডিমের সরবরাহ কম হওয়ায় সুপারস্টোর ও মুদি দোকানগুলো এক গ্রাহককে এক ডজনের বেশি ডিম বিক্রি করতে রাজি হচ্ছে না। কিছু দোকানে এক পরিবারের সদস্যপ্রতি তিনটি বা দুটি ডিম বিক্রির সীমা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে, ডিমের দামও গত এক বছরে ১৫ দশমিক ২ শতাংশ বেড়েছে, যা অন্যান্য নিত্যপণ্যের তুলনায় অনেক বেশি।
এদিকে, ডিমের সংকট এবং বাড়তি চাহিদা বৃদ্ধির কারণে চুরি বেড়ে গেছে মার্কিন মুদি দোকান এবং সুপারমার্কেটগুলোতে। চলতি মাসের শুরুতে পেনসিলভানিয়ার গ্রীন ক্যাসল থেকে প্রায় ৪০ হাজার ডলার মূল্যের এক লাখ অর্গানিক ডিম চুরির ঘটনা ঘটেছে। এসব চুরি শুধু অর্থের জন্যই নয়, অনেকেই পরিবারকে খাওয়ানোর জন্যও চুরি করছেন। এ ধরনের ঘটনার পর গ্রেপ্তারও হয়েছে যুক্তরাষ্ট্রে।
এই পরিস্থিতি প্রমাণ করছে যে, বার্ড ফ্লু পরিস্থিতির কারণে শুধু ডিমের সরবরাহেই নয়, এর পাশাপাশি অপরাধমূলক কার্যক্রমও বেড়ে যেতে পারে।











