অনলাইন ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ব্যবসায়ী সাইদুর রহমান হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক আয়েশা আক্তার সুমি এই রায় দেন।
২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর সাইদুর রহমান বাড়ি ফিরছিলেন। পথে বাঞ্ছারামপুরের কড়ইকান্দির ফেরিঘাট এলাকায় তাকে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে। পরের দিন, ৩০ সেপ্টেম্বর মেঘনা নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করেন স্বজনরা।
মামলায় ২০ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণের পর এই রায় ঘোষণা করা হয়। দ-প্রাপ্তরা হলেন বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামের নজরুল ইসলামের ছেলে রাসেল মিয়া (২৬), একই গ্রামের আবদুল খালেকের ছেলে রিপণ মিয়া (২৮) এবং চর শিবপুর গ্রামের কবির মিয়ার ছেলে কাজল মিয়া (৪৫)। তবে রাসেল মিয়া পলাতক রয়েছেন।
আসামিপক্ষের আইনজীবী মোশারফ হোসেন সামী রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, অতিরিক্ত পিপি মো. আজাদ মিয়া রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।











