চট্টগ্রামে আগুনে পুড়লো তিন পরিবারের বসতঘর

অনলাইন ডেস্ক:

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কধুরখীল কৈবর্ত্যপাড়ায় গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর পুড়ে গেছে। এই অগ্নিকাণ্ডে মাধব দাস, মৃদুল দাস এবং জোসনা দাসের বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফিরোজ খান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন, আগুনে তাদের প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। মাধব দাসের চার কক্ষবিশিষ্ট সেমি পাকা বাড়ি, মৃদুল দাসের মাটির চার কক্ষের টিনশেড বাড়ি এবং জোসনা দাসের দুই কক্ষের টিনশেড বাড়ি পুড়ে গেছে।