ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ গাড়ির সংঘর্ষ, ১২ জন আহত

জেলা প্রতিনিধি :

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শনিবার সকালে ৩টি গাড়ির সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। সকাল ৯টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মাওয়াগামী গ্রীন ঢাকা পরিবহন নামের একটি বাস পেছন থেকে সুরভি পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়।

এতে গ্রীন ঢাকা পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সড়ক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত পেট্রোল গাড়ির পেছনে ধাক্কা দেয়।

এ সময় সুরভি পরিবহনের ১০-১২ জন যাত্রী গুরুতর আহত হন। হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনায় কেউ মারা যাননি, তবে কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল, কিন্তু বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে গেছে। গাড়িগুলো জব্দ করে থানায় নিয়ে আসার প্রস্তুতি চলছে।