জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেটে একুশে পদক অর্জন উপলক্ষে শনিবার সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেন, ‘দৈনিক আমার দেশের লড়াই ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে। আমরা দেশের বিরুদ্ধে ফ্যাসিবাদ এবং ভারতের পুতুল সরকারের ভূমিকা, তাদের এজেন্টদের বিরুদ্ধে লড়াই করেছি।’
এসময় তিনি আরও বলেন, ‘এটা শুধু আমার একার অর্জন নয়, এটা দৈনিক আমার দেশের সব সাংবাদিকের এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন, তাদের সকলের অর্জন।’
সিলেট প্রেসক্লাবে শত বছরের সাংবাদিকতার স্মরণে আয়োজিত অনুষ্ঠানে, প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় ড. মাহমুদুর রহমান তার বক্তব্য রাখেন।
তিনি সিলেটবাসীর প্রতি তার গভীর ভালবাসা প্রকাশ করে বলেন, ‘সিলেটের মানুষ সবসময়ই দৈনিক আমার দেশ পত্রিকাকে ভালোবেসেছেন এবং এ সমর্থন অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।’
এছাড়া, ভারত সরকারের আধিপত্যবাদের বিরোধিতার কথা উল্লেখ করে ড. মাহমুদুর রহমান বলেন, ‘আমাদের জনগণের প্রতি কোনো ক্ষোভ নেই, কিন্তু ভারত সরকারের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান।’
সিলেটের স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা স্মরণ করে তিনি বলেন, ‘১৯৪৭ সালে সিলেটবাসী গণভোট দিয়ে পাকিস্তানের অংশ হয়েছিল, এবং আমাদের ঐতিহাসিক দায়িত্ব তা রক্ষা করে যেতে হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। আলোচনা শেষে, ড. মাহমুদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।











