অনলাইন ডেস্ক:
মার্কিন লেখিকা অ্যাশলে সেন্ট ক্লেয়ার দাবি করেছেন, তিনি বিশ্বের সবচেয়ে আলোচিত উদ্যোক্তা ইলন মাস্কের ১৩তম সন্তানের মা। তিনি জানিয়েছেন যে পাঁচ মাস আগে ইলন মাস্কের সন্তানের জন্ম দিয়েছেন, তবে নিরাপত্তার কারণে বিষয়টি প্রকাশ্যে আনেননি। গত শুক্রবার মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (আগের টুইটার) এক পোস্টে এই দাবি করেন অ্যাশলে।
অ্যাশলে তার পোস্টে জানান, “আমি পাঁচ মাস আগে এক শিশুকে পৃথিবীতে স্বাগত জানিয়েছি, এবং ইলন মাস্ক তার পিতা।” তিনি আরও বলেন, “এই তথ্য গোপন রাখা হয়েছিল শুধুমাত্র আমাদের সন্তানের নিরাপত্তার জন্য। তবে সম্প্রতি সংবাদমাধ্যম বিষয়টি জানতে পেরে, আমি বিষয়টি সামনে আনলাম।”
সন্তানের নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষা করার আহ্বান জানিয়ে অ্যাশলে বলেন, “আমি গণমাধ্যমকে অনুরোধ করছি, যেন তারা আমাদের সন্তানের গোপনীয়তাকে সম্মান জানায় এবং আক্রমণাত্মক প্রতিবেদন প্রকাশ না করে।”
অ্যাশলে সেন্ট ক্লেয়ার “এলিফ্যান্ট আর নট বার্ডস” নামক একটি বই লিখে জনপ্রিয়তা লাভ করেন। কিছুক্ষণ পরেই তিনি এক্সে আরেকটি পোস্টে জানান, কিছু সময়ের জন্য তিনি অনলাইন থেকে বিদায় নেবেন, কারণ তিনি এখন তার পরিবারের সঙ্গে সময় কাটাতে চান।
এদিকে, ইলন মাস্ক, যিনি স্পেসএক্স এবং টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা, এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। ইলন মাস্কের পূর্বের স্ত্রীরা হলেন জাস্টিন উইলসন, গ্রাইমস এবং শিভন জিলিস। তার তিন স্ত্রীর সঙ্গে ১২ সন্তান রয়েছে, এবং বর্তমানে শিভনের সঙ্গে তার আরও তিন সন্তান রয়েছে।
এছাড়া, মাস্কের পরিবার সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক বৈঠকে উপস্থিত ছিল।











