অনলাইন ডেস্ক:
ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কানের এক জরিপে জানা গেছে, ৬০০ জন ইসরাইলি নাগরিকের মধ্যে ৬১ শতাংশই হামাসের সাথে পুনরায় যুদ্ধ শুরু করার বিপক্ষে। তারা পণবন্দীদের মুক্তি নিশ্চিত করার জন্য চলমান বন্দী বিনিময় চুক্তির দ্বিতীয় ধাপ চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।
জরিপে প্রশ্ন করা হয়েছিল, “আমাদের কি চুক্তির দ্বিতীয় ধাপ অব্যাহত রাখা উচিত এবং যুদ্ধ শেষ করা উচিত, নাকি সকল পণবন্দীদের মুক্তি নিশ্চিত না করে এখনই যুদ্ধে ফিরে যাওয়া উচিত?” এর উত্তরে ৬১ শতাংশ ইসরাইলি বলেছেন, তারা চুক্তির দ্বিতীয় ধাপ অব্যাহত রাখার পক্ষে। তবে ১৮ শতাংশ ইসরাইলি পুনরায় গাজায় যুদ্ধ শুরু করার পক্ষে মত দিয়েছেন, আর ২১ শতাংশ জানিয়েছেন, তারা অনিশ্চিত।
এদিকে, হামাস ও ইসরাইল যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ষষ্ঠ পর্যায়ের বন্দী বিনিময় করেছে। বন্দী বিনিময় চুক্তির দ্বিতীয় পর্যায়ের আলোচনা কাতারের রাজধানী দোহায় আগামী সপ্তাহে পুনরায় শুরু হওয়ার আশা করা হচ্ছে।
এ জরিপ ইসরাইলি জনগণের মাঝে শান্তিপূর্ণ সমাধান ও বন্দী মুক্তির প্রক্রিয়া চলিয়ে যাওয়ার প্রতি সমর্থনের প্রতিফলন।











