অনলাইন ডেস্ক:
মাদারীপুরের সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাগছাড়া এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেল পার্কিং নিয়ে তর্ক-বিতর্কের জেরে বাবা ও ছেলেকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতরা হলেন, একই এলাকার মৃত রূপাই মল্লিকের ছেলে হানিফ মল্লিক (৫৮) ও তার ছেলে রিয়াজুল মল্লিক (৩৫)। তাদেরকে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার খাগছাড়া হোসনে আরা কুদ্দুস উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন এলাকার মানুষ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের ভেতর মোটরসাইকেল পার্কিং নিষিদ্ধ হলেও, সাকিব কাজী (২৩) নামের এক ব্যক্তি সেখানে তার মোটরসাইকেল পার্ক করেন। এর প্রতিবাদ করেন রিয়াজুল মল্লিক, যে ইতালি প্রবাসী। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়।
এ ঘটনার জের ধরে, শুক্রবার সন্ধ্যায় সাকিব তার লোকজন নিয়ে রিয়াজুল ও তার বাবার ওপর হামলা চালায় এবং কুপিয়ে জখম করে। চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
হোসনে আরা কুদ্দুস উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাগর মল্লিক বলেন, “তুচ্ছ একটি ঘটনা নিয়ে এমন হামলা হবে, তা আমরা কখনো ভাবিনি। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।”
মাদারীপুর সদর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











