অনলাইন ডেস্ক:
ঢাকার মোহাম্মদপুরের বছিলার হাইক্কার খাল উদ্ধার করতে উদ্যোগ নিয়েছে ডিএনসিসি (ঢাকা উত্তর সিটি করপোরেশন)। গত শনিবার সকাল সাড়ে ১০টায় ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ খালটি সরেজমিনে পরিদর্শন করেন এবং এটি দখলমুক্ত করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
মোহাম্মদ এজাজ খালটির পুরোনো অবস্থায় ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট বিভাগকে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থানের মধ্য দিয়ে লাউতলা খাল ও রামচন্দ্রপুর খালের সঙ্গে যুক্ত করার জন্য নির্দেশনা দেন। তিনি জানান, আজ থেকেই খালটি উদ্ধারের সীমানা চিহ্নিত করে উচ্ছেদ অভিযান শুরু হবে।
হাইক্কার খালটি একসময় বুড়িগঙ্গা নদী থেকে মোহাম্মদপুরের বছিলা ও শ্রীখ-মৌজা হয়ে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থানের মধ্য দিয়ে লাউতলা খাল ও রামচন্দ্রপুর খালের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু ২০১০ সালে ‘রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থান উন্নয়ন প্রকল্প’ বাস্তবায়নের পর খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায় এবং তা দখল হয়ে যায়। পরিবেশবাদী সংগঠন ও স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সময়ে আন্দোলন করেও খালটি উদ্ধার করতে পারছিল না।
এছাড়া, শনিবার সকাল ৯টায় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ ধানমন্ডি ২৭, লালমাটিয়া এবং মোহাম্মদপুর এলাকায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, ঢাকা শহরের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করতে ডিএনসিসি, ডিএসসিসি এবং ঢাকা ওয়াসার সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হবে।
পরিদর্শনকালে ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) প্রকৌ. এ.কে.এম সহিদ উদ্দিন, ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শরীফ উদ্দীন, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ড্রেনেজ সার্কেল) ফারুক হাসান মো. আল মাসুদ উপস্থিত ছিলেন।











