তিস্তা ব্যারাজে আকস্মিক পানি বৃদ্ধি, ক্ষতির আশঙ্কা কৃষকদের

অনলাইন ডেস্ক:

লালমনিরহাটের ডালিয়ার তিস্তা ব্যারাজে হঠাৎ করে পানির স্তর বেড়ে গেছে। এর ফলে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ব্যারাজের চারটি জলকপাট খুলে দিয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টার পর থেকে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানিপ্রবাহ বেড়ে সন্ধ্যা ৬টায় রেকর্ড করা হয়েছে ৫০ দশমিক ১০ সেন্টিমিটার, যা শুষ্ক মৌসুমের স্বাভাবিকের চেয়ে ৪ সেন্টিমিটার বেশি।

পানির এই অপ্রত্যাশিত বৃদ্ধির কারণে তিস্তা পাড়ের কৃষকরা তাদের ফসলের ক্ষতির আশঙ্কা করছেন। জেগে থাকা বালুচর তলিয়ে যাওয়ায় রসুন, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, ডাল-বাদামসহ বিভিন্ন ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

কৃষক সাহেদ মিয়া বলেন, “তিস্তার পানি নিয়ে যখন আমরা আন্দোলন করতে যাচ্ছি, তখন ভারত থেকে হঠাৎ করে পানি ছাড়া হচ্ছে। এটা ভারতের একটি চাল হতে পারে, কারণ এই সময়ে সাধারণত তারা পানি ছাড়ে না।”

হাদিকুল ইসলাম নামে এক বাসিন্দা জানান, বিকাল থেকে তিস্তার পানি দ্রুত বেড়ে বিভিন্ন চরাঞ্চল তলিয়ে যাচ্ছে। জেলে সবুর আলী জানান, তিনি তিন বিঘা জমিতে আলু, রসুন, পেঁয়াজ, এবং ফুলকপি আবাদ করেছেন, যা পানিতে ডুবে যাওয়ার শঙ্কা রয়েছে।

এদিকে তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা পাড়ের মানুষ ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারি ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। তিস্তা নদীরক্ষা আন্দোলনের সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, পানির স্তর বাড়লেও পূর্বনির্ধারিত কর্মসূচি চলবে।