দিল্লি ও বিহারে কেঁপে উঠল মাটি

অনলাইন ডেস্ক:

সোমবার সকালে ভারতের রাজধানী দিল্লিতে ভূমিকম্প আঘাত হানার কয়েক ঘণ্টা পর কেঁপে উঠল বিহার। সকাল ৮টা ২৭ মিনিটে বিহারের সিওয়ানে ভূকম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল ৪ রিখটার স্কেলে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে।

এর আগে ভোর ৫টা ৩৬ মিনিটে দিল্লি ও আশপাশের এলাকায় শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। আকস্মিক কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, দিল্লির ধৌলা কুয়ানের দুর্গাবাই দেশমুখ কলেজ অব স্পেশাল এডুকেশনের কাছে ছিল এর উৎপত্তিস্থল এবং মাটির ৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র।

যদিও কম্পনের মাত্রা ছিল ৪, তবে তা তুলনামূলকভাবে বেশি তীব্র অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি ছাড়াও আগ্রা, হরিয়ানা ও আশপাশের বেশ কিছু এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এর আগে, চলতি বছরের ১১ ও ২৩ জানুয়ারি দিল্লিতে ভূকম্পন হয়েছিল।

এ পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “দিল্লি ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সবাইকে শান্ত থেকে সুরক্ষাবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আফটারশকের সম্ভাবনা রয়েছে, তাই সতর্ক থাকতে হবে। প্রশাসন পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে।”