অনলাইন ডেস্ক:
পশ্চিম আফ্রিকার দেশ মালির পশ্চিমাঞ্চলে অবৈধভাবে পরিচালিত একটি সোনার খনি ধসে পড়ায় কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এবং কয়েকটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে। মালির খনিগুলোতে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে এবং দেশটির খনি ব্যবস্থাপনায় অনিয়ম ও অব্যবস্থাপনা মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে, খনি ধসে পড়ার পর ঘটনাস্থলেই ৪৮ জন নিহত হন। নিহতদের মধ্যে কয়েকজন পানিতে পড়ে মারা যান, তাদের মধ্যে একজন নারীও ছিলেন, যার কাঁধে তার শিশুসন্তান ছিল।
এছাড়া, কেনিবা স্বর্ণ খনির সমিতি এবং স্থানীয় কর্মকর্তারা ৪৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে বলে জানান এক পরিবেশবাদী সংস্থার প্রধান।
এটি প্রথম ঘটনা নয়; গত জানুয়ারিতে মালির দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে পড়ে ১০ জন নিহত এবং বেশ কয়েকজন নিখোঁজ হয়েছিলেন। একইভাবে, ২০২১ সালে মালির ওই অঞ্চলে আরেকটি খনির টানেল ধসে ৭০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
সূত্রে জানা যায়, যেখানে এ দুর্ঘটনা ঘটেছে, সেখানে আগে একটি চীনা কোম্পানি খনি পরিচালনা করত, তবে বর্তমানে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। মালির সোনার খনিগুলো অবৈধভাবে পরিচালিত হওয়ার কারণে প্রায়ই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে।
সূত্র: এএফপি











