বঙ্গোপসাগরে ৫৮ দিন মৎস্য আহরণ বন্ধ রাখার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গোপসাগরে সকল ধরনের মৎস্য আহরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন বঙ্গোপসাগরে সকল প্রকার মৎস্য আহরণ বন্ধ থাকবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এ তথ্য জানিয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো সামুদ্রিক জলসীমায় ইলিশসহ অন্যান্য মাছের উৎপাদন বৃদ্ধি করা। তিনি জানান, প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়, যার ফলে সামুদ্রিক মৎস্য সম্পদের আহরণ ১২.৭৮ শতাংশ বেড়েছে।

তবে তিনি এও জানান, পার্শ্ববর্তী দেশের সাথে সমন্বয় না থাকার কারণে বাংলাদেশের মৎস্য আহরণের উপর সেগুলোর মৎস্যজীবীরা সুযোগ নিচ্ছে। তাই মৎস্য আহরণকারী সংগঠন ও মৎস্যজীবীদের পক্ষ থেকে এই সময়কালকে সমন্বয় করার দাবি উঠেছে।

ফরিদা আখতার বলেন, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটসহ অন্যান্য অংশীজনদের সমন্বয়ে একটি কারিগরি কমিটি গঠন করা হয়। কমিটি বঙ্গোপসাগরের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ মাছের ব্রিডিং পিরিয়ড (এপ্রিল থেকে জুন) বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এছাড়া, হাওরে দেশীয় মাছ সংরক্ষণের জন্য ১৫ মে থেকে ১৪ জুন পর্যন্ত হাওরে মাছ ধরা নিষিদ্ধ করা হবে।