অনলাইন ডেস্ক:
আওয়ামী লীগের নিবন্ধন বাতিল প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, “এ বিষয়ে এখনও বলার সময় আসেনি, আমরা অপেক্ষা করছি। সময়ই আমাদের গাইড করবে, আমরা কী সিদ্ধান্ত নেবো।” রোববার নির্বাচন কমিশন ভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, “এখনো সময় লাগবে, আমরা এখনই কিছু বলতে চাই না।”
গত শনিবার ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলা হয়। সভায় জানানো হয়, জুলাই-আগস্টের গণহত্যার দায় আওয়ামী লীগের ওপরে পড়েছে, এবং দলটির নিবন্ধন বাতিলেরও দাবি করা হয়।
এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) মন্তব্য করতে অস্বীকার করে জানিয়েছে, “এ বিষয়ে এখনও বলার সময় আসেনি, আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।”
এ প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম সরকার জানান, আগামী ১৮ তারিখ সন্ধ্যায় জেলা প্রশাসক সম্মেলনে অংশগ্রহণ করবেন নির্বাচন কমিশন। “প্রতিটি মন্ত্রণালয়ের কমিটির সঙ্গে মাঠ পর্যায়ে আলোচনা হবে। এবারও আমাদের বার্তা থাকবে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি, যাতে একটি উত্তম নির্বাচন আয়োজন করা যায়,” তিনি বলেন।
ইসি আরও জানিয়েছে, “মাঠ প্রশাসন দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এবারও কমিশন বিশ্বাস করে যে কোনো ধরনের প্রেসার ছাড়াই সুষ্ঠু নির্বাচন হবে।” নির্বাচন কমিশন কঠোরভাবে মনিটরিং করবে, যাতে কোনো ধরনের অনিয়ম না ঘটে এবং ডিসিরা নির্বাচন পরিচালনায় সহযোগিতা করবেন।











