অনলাইন ডেস্ক:
সাংবাদিকদের প্রতি গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “আমরা চাই, আপনারা প্রতিটি বিষয় তুলে ধরুন। প্রশংসা করার কোনো দরকার নেই।”
গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম চাই’ ব্যানারে অনুষ্ঠিত ‘গণমাধ্যমের ফ্যাসিবাদী বয়ান: ফিরে দেখা ১-৩৬ জুলাই’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। প্রেস সচিব বলেন, “কিছু দিন আগে একটি বড় পত্রিকা প্রফেসর ইউনূসকে নিয়ে প্রশংসাসূচক কিছু লেখা প্রকাশ করেছে, আমরা তাদের ফোন করে বলেছি—এটা লেখার দরকার নেই।”
শফিকুল আলম বলেন, “বাংলাদেশে সাংবাদিকতার একটি গুরুত্বপূর্ণ সময় চলছে। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব রাজনৈতিক দল ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা একত্রে কাজ করবে। আমরা চাই একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে ফ্যাসিবাদী বয়ান তৈরি হবে না, এবং যেখানে কেউ অন্ধভাবে কোনো দলের পক্ষে কথা বলবে না।”
তিনি আরও বলেন, “যে কেউ ক্ষমতায় আসুক, তার পক্ষে সাংবাদিকদের দালালি করা উচিত নয়। আমরা এমন একটি সরকার গড়তে চাই, যেখান থেকে আমরা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করতে পারব।”
প্রেস সচিব শফিকুল আলম বলেন, “আমরা চাই না যে, আমাদের পরবর্তী প্রজন্ম সেই ভুলগুলো পুনরাবৃত্তি করুক, যা পূর্ববর্তী প্রজন্ম করেছে। বাংলাদেশের স্বৈরতন্ত্রের বৈধতা দেওয়ার কোনো বয়ান তৈরি হতে দেওয়া হবে না।”
আলোচনা সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, ‘ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম চাই’ এর মুখপাত্র প্লাবন তারিক, আহ্বায়ক জয়নাল আবেদীন শিশির প্রমুখ উপস্থিত ছিলেন।











