অনলাইন ডেস্ক:
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে গত ১২ ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। তাদের আন্দোলন টানা পঞ্চম দিনেও অব্যাহত রয়েছে। আন্দোলনকারীরা দাবি জানিয়েছেন, সরকারি নিয়ম অনুযায়ী তাদের বেতন স্কেল, বাড়িভাড়া, চিকিৎসাভাতা ও শতভাগ উৎসবভাতা প্রদান করতে হবে।
আজ সোমবার থেকে ‘গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন’ কর্মসূচি শুরু হবে, যার মাধ্যমে সারাদেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ঢাকায় জড়ো হয়ে তাদের দাবি তুলে ধরবেন। গতকাল রোববার দুপুরে আন্দোলনকারীরা ঘোষণা করেছেন, যদি তাদের দাবি আজকের মধ্যে মেনে নেওয়া না হয়, তবে কর্মসূচি আরো তীব্র করা হবে।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব আবুল বাশার জানান, আজকের অবস্থান কর্মসূচি থেকে সিনিয়র নেতারা পরবর্তী গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, সরকার তাদের যৌক্তিক দাবি মেনে নেবে।
এ অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য দেন জোটের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী আবুল বাশার, শাহ আলম, মো. জহিরুল ইসলাম, মো. আবদুল হাই সিদ্দিকী, মো. রবিউল ইসলাম, মো. তোফায়েল সরকার, অধ্যক্ষ আলাউদ্দীন, জাহাঙ্গীর হোসেন, অধ্যক্ষ হাবিবুর রহমান, অধ্যক্ষ আবু সায়েম মোল্লা, উপাধ্যক্ষ নুরুল আলম খান, অধ্যক্ষ রুহুল আমিনসহ অন্যান্য নেতারা।
শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে প্রতিদিন বাড়ছে অংশগ্রহণকারীর সংখ্যা। সারা দেশ থেকে কয়েকশ শিক্ষক ঢাকায় এসে তাদের দাবির প্রতি সমর্থন জানাচ্ছেন।










