সৌদি আরবে রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও

অনলাইন ডেস্ক:

ইউক্রেনের তিন বছরের যুদ্ধের অবসান ঘটাতে রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই বৈঠকটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপের ধারাবাহিকতায় আয়োজিত হয়েছে।

রয়টার্স জানায়, সৌদি আরবের মধ্যস্থতায় মার্কিন প্রশাসন এবং ক্রেমলিনের মধ্যে সম্পর্ক স্থাপন সম্ভব হয়েছে। গত সপ্তাহে রিয়াদকে সহযোগিতা করে বন্দিবিনিময় সম্পন্ন করা হয়েছে। এছাড়া, সৌদি আরব গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছে।

শনিবার রুবিও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ফোনে আলোচনা করেছেন এবং সৌদি আরবে এই বৈঠকে তার সঙ্গে যোগ দেবেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এবং হোয়াইট হাউজের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ। তবে রাশিয়ার পক্ষ থেকে বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তাদের পরিচয় এখনও নিশ্চিত হয়নি।

এই বৈঠকটি রুশ এবং মার্কিন শীর্ষ কর্মকর্তাদের মধ্যে গত কয়েক বছরের মধ্যে প্রথম হবে, যা দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে আলোচনার মঞ্চ তৈরি করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

রোববার রুবিও বলেছিলেন, “আগামী দিনগুলোতে নিশ্চিত হওয়া যাবে পুতিন ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য কতটুকু অঙ্গীকারবদ্ধ।” অন্যদিকে, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন। রবিবার তিনি সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন এবং সৌদি ও তুরস্কের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে। তবে, রুশ বা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তার অংশগ্রহণের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।