অনলাইন ডেস্ক:
পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে ফিতনা এবং ফ্যাসাদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, যারা সমাজে অশান্তি সৃষ্টি করবে, তাদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড, শিরচ্ছেদ বা দেশ থেকে বিতাড়িত করার মতো কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সেনাপ্রধান আরও বলেন, “সন্ত্রাসীরা যদি রাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করে, তবে তারা করুণা আশা করতে পারে।” তিনি কোরআনের এক আয়াতের মাধ্যমে জানিয়েছেন, যারা ফ্যাসাদ সৃষ্টি করে, তারা দুনিয়াতে শাস্তি ভোগ করবে এবং কিয়ামতের দিন আল্লাহর ক্রোধের সম্মুখীন হবে। তবে, যারা তাদের অপকর্মের জন্য তাওবা করবে, আল্লাহ তাদের ক্ষমা করবেন।
জেনারেল মুনির পাকিস্তানে চলমান জঙ্গিবাদ বিরোধী সংগ্রামের বিষয়েও মন্তব্য করেন। তিনি বলেন, “আজকাল পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে, যারা ইসলামের বিকৃত ব্যাখ্যা দেয় এবং ইসলামের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।” তিনি আরও বলেন, “আমরা কখনোই এই বিকৃত গোষ্ঠীকে আমাদের দেশে তাদের মূল্যবোধ চাপিয়ে দিতে দেব না।”
এছাড়া, নারীদের অধিকার সম্পর্কেও তিনি বক্তব্য দেন। তিনি বলেন, “ইসলামই প্রথম ধর্ম, যা নারীদের অধিকার দিয়েছে এবং তাদের মা, বোন, কন্যা বা স্ত্রী হিসেবে মর্যাদা বৃদ্ধি করেছে। আমাদের ধর্ম নারীদের যে সম্মান দিয়েছে, তা কেড়ে নেয়ার অধিকার কারও নেই।”











