অনলাইন ডেস্ক:
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী কিম সে-রন (২৪) রহস্যজনকভাবে মারা গেছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সিউলের সংসু-ডং এলাকায় নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় পুলিশ জানিয়েছে, কিমের এক বন্ধু প্রথমে ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু অভিনেত্রী ফোন না ধরায় পরিবারের লোকদের খবর দেন। এরপর বিকেলে কিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তবে এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাত্র ৯ বছর বয়সে অভিনয়ে আত্মপ্রকাশ করেন কিম সে-রন। ২০০৯ সালে তার প্রথম সিনেমা ‘আ ব্র্যান্ড নিউ লাইফ’ তাকে জনপ্রিয় করে তোলে। এরপর ‘দ্য ম্যান ফ্রম নোহোয়ার’ (২০১০), ‘দ্য নেইবারস’ (২০১২) এবং ‘হাই! স্কুল-লাভ অন’-এর মতো চলচ্চিত্র ও নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেন।
২০২২ সালে কিম সে-রনের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ ওঠে। এ কারণে তাকে বড় অঙ্কের জরিমানা গুনতে হয় এবং তার ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়ে।
২০২৩ সালের এপ্রিলে তিনি আবারও অভিনয়ে ফেরার চেষ্টা করেন, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তা সম্ভব হয়নি।
কিম সে-রনের সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্ট ছিল জানুয়ারি মাসে। এরপর থেকে তিনি খুব একটা সক্রিয় ছিলেন না।
তার মৃত্যুর খবরে দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। অনেক ভক্ত ও সহকর্মী তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “মৃত্যুর কারণ সম্পর্কে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তদন্ত চলছে।”
কিম সে-রনের রহস্যজনক মৃত্যু ঘিরে এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে। পুলিশি তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।











