অনলাইন ডেস্ক:
বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যার ফলে পেরুর রাজধানী লিমায় তার নির্ধারিত কনসার্ট স্থগিত করা হয়েছে।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে তীব্র পেট ব্যথার কারণে তাকে জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে পর্যবেক্ষণে আছেন এবং চিকিৎসা চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে শাকিরা নিজেই এ খবর নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, “আমি অত্যন্ত দুঃখিত, গত রাতে তীব্র পেট ব্যথার কারণে আমাকে ইমার্জেন্সিতে যেতে হয়েছে। বর্তমানে আমি হাসপাতালে ভর্তি রয়েছি।”
তিনি আরও জানান, চিকিৎসকরা তাকে পারফর্ম না করার পরামর্শ দিয়েছেন, ফলে এই মুহূর্তে মঞ্চে উঠতে তার শারীরিক অবস্থা অনুকূল নয়।
পেরুর ভক্তদের জন্য মুখিয়ে ছিলেন শাকিরা, কিন্তু বাধ্য হয়ে শো স্থগিত করায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। তবে তিনি আশ্বস্ত করেছেন যে তার টিম এবং কনসার্টের আয়োজকরা নতুন তারিখ নির্ধারণের জন্য কাজ করছেন।
শাকিরা ভক্তদের উদ্দেশে বলেন, “আমি তোমাদের সবাইকে ভালোবাসি। বিষয়টি বোঝার জন্য ধন্যবাদ।”
তার দ্রুত সুস্থতা কামনায় ইতোমধ্যে ভক্তদের মধ্যে উদ্বেগ ও সমর্থনের ঢল নেমেছে।











