অনলাইন ডেস্ক:
চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন হাজারী গলিতে যৌথবাহিনীর কাজে বাধা দেয়ার এবং অ্যাসিড নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায় ডা. কথক দাশের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, মামলার তদন্ত কর্মকর্তা ডা. কথক দাশের ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন, তবে আদালত উভয়পক্ষের শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর ইসকনের কার্যক্রম নিয়ে মো. ওসমান নামের এক দোকানদার ফেসবুকে একটি পোস্ট দিলে, হাজারী গলিতে ৫০০-৬০০ জন ইসকন সমর্থক ও সনাতন ধর্মাবলম্বী দোকানে হামলা চালায়। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে যৌথবাহিনী ঘটনাস্থলে গেলে কিছু বিক্ষুব্ধ ব্যক্তি তাদের ওপর হামলা করে। হামলাকারীরা যৌথবাহিনীর সদস্যদের ওপর ইট-পাটকেল ও অ্যাসিড নিক্ষেপ করে, যাতে সেনাবাহিনীর ৫ সদস্যসহ ১২ জন আহত হন।
এ ঘটনায় পুলিশ ৪৯ জনের নাম উল্লেখ করে এবং ৫০০ থেকে ৬০০ জন অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছে। ৫ ফেব্রুয়ারি, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউকে যাওয়ার চেষ্টা করা অবস্থায় ইমিগ্রেশন পুলিশ ডা. কথক দাশকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করে, পরে তাকে কোতোয়ালী থানায় নিয়ে আসা হয়। ৬ ফেব্রুয়ারি, কোতোয়ালী থানায় রাষ্ট্রদ্রোহ মামলায় ডা. কথক দাশের ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।











