অনলাইন ডেস্ক:
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের আকোরা খট্টক এলাকায় একটি মসজিদে বোমা হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন এবং ১৩ জন আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজ চলাকালে এই হামলার ঘটনা ঘটে। হামলার পর পাকিস্তানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে, বিশেষ করে পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগ মুহূর্তে।
পাকিস্তানের ‘ডন’ পত্রিকা এবং ইরানের সরকারি বার্তা সংস্থা ‘ইরনা’ সূত্রে জানা যায়, দারুল উলুম হক্কানিয়া মসজিদে হামলাটি ঘটে। নিহতদের মধ্যে একজন প্রখ্যাত ধর্মীয়-রাজনৈতিক নেতা রয়েছেন। হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি, তবে পাকিস্তান আফগানিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর দিকে সন্দেহের আঙুল তুলেছে।
ইরান এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতার পরিবেশ সৃষ্টি করতে হবে। তিনি এই হামলার শিকারদের জন্য দ্রুত সুস্থতা কামনা করেন এবং সন্ত্রাসবাদের পেছনে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেন।
পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে আফগানিস্তানে অবস্থানরত সন্ত্রাসী গোষ্ঠীগুলো তাদের দেশে হামলা চালানোর পর নিরাপদ আশ্রয়ের জন্য আফগানিস্তানে চলে যায়। যদিও আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের এই অভিযোগ অস্বীকার করেছে, তবে পাকিস্তান এখনও তাদের বিরুদ্ধে অভিযোগ করে যাচ্ছে।











